
শিলিগুড়ি জেলা হাসপাতালে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের ৬৭ জন থ্যালাসেমিয়া আক্রান্ত ছেলেমেয়ের অপারেশন হয়েছে
থ্যালাসেমিয়া আক্রান্তদের প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন করে নজির গড়েছেন শল্য চিকিৎসক ডাঃ বিবেক সরকার। গত সাড়ে তিন বছরে শিলিগুড়ি জেলা হাসপাতালে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের ৬৭ জন থ্যালাসেমিয়া আক্রান্ত ছেলেমেয়ের অপারেশন হয়েছে। তাঁর এই উদ্যোগে সাহায্য করেছেন শিলিগুড়ি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কর্মকর্তা পীযূষকান্তি রায় ওরফে পিন্টু।
আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বর্তমান বিশ্বে থ্যালাসেমিয়া একটি গুরুতর সমস্যা। রোগীকে প্রতি সপ্তাহে দু’বোতল করে রক্ত নিতে হয় বেঁচে থাকার জন্য। অথচ সপ্তাহে দু’বোতল রক্ত সংগ্রহ করা সাধারণ মানুষের অনেকের পক্ষেই অসম্ভব। কিন্তু বিটা গোত্রের থ্যালাসেমিয়া যাদের, প্লীহা কেটে বাদ দেওয়ার পর বছরে মাত্র একবার রক্ত নিলেই চলে।
রবিবার উত্তরবঙ্গ থ্যালাসেমিয়া ও বিকলাঙ্গ সেবা সংস্থা শিলিগুড়ি স্টেডিয়ামের মেলার মাঠে কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রাজীব দে-কে নিয়ে আয়োজন করেছিল একটি আলোচনাসভার। সেখানে পীযূষকান্তিবাবু জানান, তাঁরা শিলিগুড়ি জেলা হাসপাতালে থ্যালাসেমিয়া আক্রান্ত গরিব ছেলেমেয়েদের চিহ্নিত করে শুরু করেছেন অপারেশন। আর প্লীহা বাদ দেওয়ার মাধ্যমে রোগীর শারীরিক অবস্থারও উন্নতি ঘটছে অনেকটাই। এখন পর্যন্ত এই অপারেশনের ফলে কোনও মৃত্যুর খবর নেই।
