আউশগ্রামের বাসিন্দাদের বেনজির সিদ্ধান্ত
মহরমের শোকপালনের মূল অঙ্গ ‘মাতন’। নিজের শরীর চিড়ে রক্ত ঝরিয়েই পালিত হয় এই উৎসব। সেই রক্তই এবার থেকে ঝরবে না আউশগ্রামের ব্রাহ্মণডিহি গ্রামে। পরিবর্তে হবে রক্তদান। এতদিনের ধর্মীয় প্রথাকে এভাবেই মানবিক উদ্যোগে বদলে নিয়েছেন ব্রাহ্মণডিহির বাসিন্দারা। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইমামরাও।
মহরম প্রতিবারের মতোই পালিত হবে সমান সমারোহে। বেরোবে শোভাযাত্রা, শোনা যাবে সারিগান। শোকের হাহাকার দোলা লাগাবে বুকে। কিন্তু, নিজেদের শরীর থেকে একফোঁটা রক্তও আর মাটিতে পড়তে দেবেন না ব্রাহ্মণডিহির সাধারণ মানুষ। রক্ত যে অমূল্য, তাঁরা বুঝেছেন। রক্ত যদি ঝরাতেই হয়, তা হোক রক্তদানের মাধ্যমে—এই সিদ্ধান্তেই আপাতত সহমত হয়েছেন সবাই।
এবারে নতুন এক মহরম দেখবে আউশগ্রাম। রক্তদানের পাশাপাশি প্রকৃতিকে আরো সবুজ করে তুলতে রক্তদাতাদের হাতে গাছের চারাও তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মহরম কমিটির কর্মকর্তারা।