আয়োজক দক্ষিণ পূর্ব হাওড়া এসএফআই-এর রেড ভলেন্টিয়ার্স
সাম্প্রতিক কঠিন সময়ে মানুষ অন্যের পাশে দাঁড়াবে, সেটাই একমাত্র পালনীয় কর্তব্য হওয়া উচিত। কখনও বৃদ্ধ-বৃদ্ধার অসহায়তা, কখনও শিশুর কঁকিয়ে ওঠা কান্না, আবার কখনও অক্সিজেন-রক্ত-প্লাজমার সংকট — ঝাঁপিয়ে পড়ছে রেড ভলেন্টিয়ার্সের একদল তরুণ-তরুণী। পশ্চিমবঙ্গের নানাপ্রান্তে তাদের টিম নিরলসভাবে পরিশ্রম করে চলেছে। ঠিক তেমনই এক উদ্যোগ দেখা গেল দক্ষিণ পূর্ব হাওড়ার এসএফআই (SFI)-এর রেড ভলেন্টিয়ার্সদের।
দক্ষিণ পূর্ব হাওড়া এসএফআই-এর উদ্যোগে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সহযোগিতায় একটি রক্তদান শিবিড়ের আয়োজন করা হয়েছে৷ বর্তমানে রক্তের বিপুল সংকটের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের ছাত্র ফেডারেশন, দঃপূঃ হাওড়ার পক্ষ থেকে বঙ্গদর্শনকে জানানো হয়েছে, “বর্তমান অতিমারীর জটিল পরিস্থিতিতে ভয়াবহ রক্ত সংকটের নিরসনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আগামী ৬ জুন এই রক্তদান শিবিড়ের আয়োজন করতে চলেছি।”
আগামী ৬ জুন সকাল ১০টায় ধর্মতলা লেনের জীবন মাইতি স্মৃতি কক্ষে আয়োজিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির। সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্যবিধি মেনেই এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। রেড ভলেন্টিয়ার্সরা বলছেন, “এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে”।