বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করে নজর কাড়লেন দম্পতি

অতিথিদের উপহার দেওয়া হল গাছের চারা

বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথিরা নবদম্পতিকে উপহার দেবেন রক্ত। আর যারা রক্তদান করবেন, তাঁদের হাতে গাছের চারা তুলে দেবেন বর-কনে। এরকমই অভিনব বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকলেন পলাশিপাড়ার বাসিন্দারা।

বিয়ের পাত্র দেবজ্যোতি রায় এবং পাত্রী শিল্পী বিশ্বাস দু’জনেই রেডক্রসের সদস্য। শিল্পীর ইচ্ছে ছিল, তাঁদের বিয়েতে কোনো উপহার নেবেন না, তার বদলে আয়োজন করা হবে রক্তদান শিবিরের। সেই অনুযায়ী সোমবার নদিয়ার পলাশিপাড়ায় বিয়ের আসরে সব রকম ব্যবস্থা করা হয়। নবদম্পতির আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীরাও খুশি মনে রক্ত দিলেন। সব মিলিয়ে রক্তদান করেছেন পঁচিশজন। রিটার্ন গিফট হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হল সুপুরি গাছের চারা। দেবজ্যোতি এবং শিল্পীর উদ্যোগকে এলাকার মানুষরা স্বাগত জানিয়েছেন। তাঁদের এই প্রয়াস সারা বাংলাতেই অনন্য নজির তৈরি করল। 
 

Developed by DXDasia