
রক্তের উপাদান পৃথকীকরণ ব্যবস্থা এবার বালুরঘাটে
ডেঙ্গি রোগীদের হাসপাতাল থেকে আলাদা করে অনুচক্রিকার জোগান দিতে হয়। তেমনই থ্যালাসেমিয়া আক্রান্তদের লোহিত রক্ত কণিকা, অগ্নিদগ্ধ মানুষদের রক্তরসের দরকার হয় বেশি। এতদিন বালুরঘাট সদর হাসপাতালে রক্ত থেকে এইসব উপাদানকে আলাদা করার কোনো ব্যবস্থা ছিল না। সব উপাদান থাকা রক্তই দিতে হত রোগীদের। ফলে, রক্তের অপচয় ঘটত। এই সমস্যার অবসান ঘটাতে বালুরঘাট সদর হাসপাতালে খুব শিগগিরিই চালু হতে চলেছে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিট।
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের আর্থিক সাহায্যে এই ইউনিট গড়ে উঠেছে। জেলা ব্লাড ব্যাংকের পাশেই যাত্রা শুরু করবে এই রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিট। এতদিন পরিকাঠামো থাকলেও লাইসেন্স পেতে দেরি হচ্ছিল। তাই নতুন এই ইউনিট চালু করা যাচ্ছিল না। তারপর লাইসেন্স পেয়ে যাওয়াতে ইউনিট তৈরির কাজ শুরু হয়। এই সপ্তাহেই বালুরঘাট হাসপাতালে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিটের উদ্বোধন হবে।
