রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ
রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে অভিনব পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। এবার থেকে ব্লাড ব্যাংকে রক্ত নিতে আসা রোগী বা রোগীর পরিজনকে কোনোভাবেই ফেরাতে পারবে না ব্লাড ব্যাংক। রক্ত না থাকলে অন্য ব্লাড ব্যাংক থেকে রক্তের বন্দোবস্ত করে দিতে হবে।
মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাংক, বিভিন্ন আঞ্চলিক রক্ত সঞ্চালন কেন্দ্র এবং রাজ্যের ৮৬টি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে এই নির্দেশ পাঠিয়েছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা (রক্ত নিরাপত্তা)। ১২ নভেম্বরের ওই চিঠিতে বলা আছে, সরকারি ব্লাড ব্যাংকে কোন গ্রুপের রক্ত কতটা মজুত আছে, রক্তের উপাদানের স্টক কতটা আছে, তা রোগী এবং তাঁদের পরিজন চাইলে জানতে পারবেন।
কোনো সরকারি ব্লাড ব্যাংকে যদি বিশেষ কোনো গ্রুপের রক্ত না থাকে, তাহলে ওই ব্লাড ব্যাংকের কর্মচারীরাই সরকারি অ্যাপ ‘জীবনশক্তি’-তে দেখে নেবেন, কাছের কোনো ব্লাড ব্যাংকে সেই গ্রুপের রক্ত আছে কিনা। নিকটবর্তী ব্লাড ব্যাংক থেকে নির্দিষ্ট গ্রুপের রক্ত বুক করে দেবেন তাঁরাই। তবেই রোগীর পরিজনকে অন্য ব্লাড ব্যাংকে পাঠানো যাবে।
সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। দীর্ঘ ৪০ বছর ধরে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছে মেডিক্যাল ব্যাংক। এই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক ডি আশিস জানালেন, সরকারের এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। পাশাপাশি, রক্তদান আরও বাড়া দরকার। তাহলে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের জোগান আরও বৃদ্ধি পাবে।