গুসকরার বাচ্চাদের অদম্য জেদে কাটা হল না স্কুলের প্রিয় কদমগাছ

কদমগাছটি কাটা হবে না, সেইসঙ্গে কর্তৃপক্ষ আরও কিছু গাছ লাগিয়ে দেবেন

স্কুলের সবচেয়ে পুরোনো কদম গাছটা কিছুতেই কাটা যাবে না- কর্তৃপক্ষের কাছে আবদার করেছিল স্কুল পড়ুয়ারা। অবশেষে কচিকাঁচাদের আবেগী কান্না আর অদম্য জেদের কাছে নতিস্বীকার করল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা পূর্ব প্রাথমিক বিদ্যালয়ে। কয়েকদিন আগেই ছাত্র-ছাত্রীদের এই প্রিয় গাছ কেটে না ফেলা নিয়ে আকুতি প্রায় ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে গুসকরা বিডিও অফিসের সীমানাপ্রাচীর তৈরির জন্য প্রিয় কদমগাছটি না কেটে রেখেই দেওয়া হল৷ তাছাড়া আউশগ্রামের একজন বিডিও অফিসার বলেছেন, কদমগাছটি কাটা হবে না। সেইসঙ্গে তাঁরা আরও কিছু গাছ লাগিয়ে দেবেন।

আউশগ্রাম-১ বিডিও অফিসের পাশেই গুসকরা পূর্ব প্রাথমিক বিদ্যালয়। ২১০ জন ছাত্র-ছাত্রী এখানে পড়াশোনা করে। এই বিদ্যালয়ের মূল ফটকের সামনেই রয়েছে প্রায় চব্বিশ বছরের পুরোনো একটি বিশাল কদমগাছ। বিডিও অফিসের সীমানাপ্রাচীর নির্মাণের কাজে এই গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। সেকথা জানতে পেরে পড়ুয়ারা আন্দোলনে নামে। তারা গাছ আঁকড়ে ধরে চিৎকার করে, কোনওভাবেই স্কুলে তাদের একমাত্র বন্ধু কদমগাছটিকে কাটতে দেবে না। গাছ বাঁচাতে শিশুদের এই আন্দোলন বিভিন্ন মহলকে নাড়িয়ে দিয়েছে৷ এই বিদ্যালয়ের পড়ুয়ারা বলছে, গাছেরা নীরব না, তাদেরও কিছু কথা থাকে। তাদের কথা শুনুন, তাদের বাঁচান।

ছবি- প্রতীকী 

Developed by DXDasia