এই যন্ত্রের উদ্বোধন হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ আকাদেমিতে
চণ্ডীগড়ের সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস অর্গানাইজেশনের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন দ্রুত স্ক্যান করার একটি যন্ত্র। যে কোনও বইয়ের লেখা দ্রুত স্ক্যান করে ফেলবে। আর তারপর সেই লেখাটি পড়েও শোনাবে। গতকাল বিশ্ব প্রতিবন্ধী দিবসে এমনই এক যন্ত্রের উদ্বোধন হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ আকাদেমিতে। রাজ্যে এই প্রথমবার এমন যন্ত্রের উদ্বোধন করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সর্বালোকানন্দ মহারাজ এবং অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ। যন্ত্রটির নাম দেওয়া হয়েছে ‘দিব্যনয়ন’।
যে সব ছাত্র দীর্ঘদিন দৃষ্টির সমস্যায় ভুগছে, তাদের জন্য নির্মিত হয়েছে নরেন্দ্রপুরের এই প্রতিষ্ঠান। দৃষ্টিহীনদের সম্পূর্ণভাবে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, পুনর্বাসন এবং অন্যান্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে ব্লাইন্ড বয়েজ আকাদেমি।
সাধারণত ব্রেইল পদ্ধতি ছাড়া অন্য কোনও উপায়ে বই পড়তে পারেন না দৃষ্টিহীনরা। সেই দিক চিন্তা করেই এই বিশেষ যন্ত্র এল রাজ্যে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্পাদক স্বামী সর্বালোকানন্দ। দৃষ্টিহীন ছাত্রদের নানা সমস্যা কাটিয়ে উঠে সমাজে এগিয়ে যাওয়ার বার্তা দেন। এ-ও বলেন, তাঁদের কাজে এবং চিন্তাধারায় সবসময় পাশে থাকা কর্তব্য।