
ছাগল চাষ করে গ্রামের অর্থনীতিকে চাঙা করলেন কেঁদুয়ার মহিলারা
আকারে ছোটো হলেও ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা রয়েছে বাজারে। এদের দুধ এবং মাংস পুষ্টিগুণে ভরপুর। কদর আছে এই ছাগলের চামড়ারও। সেই ব্ল্যাক বেঙ্গলের পালন করে গ্রামের অর্থনীতিকে চাঙা করে তুললেন একদল প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা। অভিনব নজির তৈরি হল ফারাক্কা থানার কেঁদুয়া গ্রামে।
ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎকেন্দ্র লাগোয়া কেঁদুয়া গ্রামে স্বনির্ভর গোষ্ঠী আছে ১২টি। প্রত্যেক গোষ্ঠীতে ১৮ থেকে ২০ জন মহিলা রয়েছেন। পাশের সিমেন্ট প্রস্তুতকারী সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের টাকা খরচ করে সেই মহিলাদের প্রশিক্ষণ দিয়ে ছাগল চাষের কাজে নামানো হয়। পাশাপাশি নিয়োগ করা হয় একজন পশুমিত্রা আর তিনজন পশু সাথী। গোষ্ঠীর মহিলাদের সঙ্গে প্রতি সপ্তাহে একদিন আলোচনায় বসেন তাঁরা। ব্ল্যাক বেঙ্গল চাষ করে এখন আর্থিকভাবে স্বাবলম্বী কেঁদুয়া গ্রামের মহিলারা। একটা সময়ে যাদের লড়াই করতে হত ভয়াবহ দারিদ্রের বিরুদ্ধে, এখন তাঁদের সেই অভাব অনেকটাই নিয়ন্ত্রণে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তাঁরা।
কেঁদুয়ায় ব্ল্যাক বেঙ্গল চাষের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল ছাগলদের অতিরিক্ত মৃত্যুর হার। আগে বর্ষা আর শীতে ছাগলদের মৃত্যু হত বেশি। এখন তাদের নিয়মিত ভ্যাকসিন দেওয়া এবং রাতে মাচায় থাকার ব্যবস্থা করে দেওয়ার ফলে সেই মৃত্যুর হার অনেকটাই কমেছে। ছাগলদের পুষ্টিকর খাবারের জন্য বিনা মাটিতে ঘাস চাষের প্রশিক্ষণও দেওয়া হয়েছে গ্রামের মহিলাদের।
