
৯৭% হামলাই মোদির শাসনকালে
‘ইন্ডিয়াস্পেন্ড’-এর রিপোর্ট অনুসারে ভারতে ২০১০ সালের পর থেকে গরু-সংক্রান্ত হিংসায় প্রাণ হারানো ব্যক্তিদের ৮৬ শতাংশই মুসলিম। আর এ গরু নিয়ে মুসলিমদের ওপর যত হামলা হয়েছে তার ৯৭ শতাংশই ঘটেছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে। এই সময়ে গরু-সংক্রান্ত হামলার ঘটনায় প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন ১২৪ জন। এসব হামলার অর্ধেকের বেশিই (৫২%) হয়েছে গুজব ছড়িয়ে। গত আট বছরে অর্থাৎ ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত গরু-সংক্রান্ত হিংসায় ৫১ শতাংশের প্রত্যক্ষ শিকার হন মুসলিমরা। তুলনামূলক হিসাবে এ সময়ে ৬৩টি উল্লেখযোগ্য হামলার ঘটনায় যে ২৮ জন নিহত হয়েছেন, তাঁদের ৮৬ শতাংশ মুসলিম। ডেটা জার্নালিজমের জন্য সুখ্যাতি রয়েছে এমনই একটি সংস্থা ইন্ডিয়াস্পেন্ড-এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
ইন্ডিয়াস্পেন্ডের প্রতিবেদনে বলা হয়, গো-মাংসকে কেন্দ্র করে যত হামলা হয়েছে, তার ৯৭ শতাংশ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সাললে ক্ষমতায় আসার পর। ৬৩টি হামলার প্রায় অর্ধেক বা ৩২টি হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোতে। ২৫ জুন পর্যন্ত হামলার ঘটনাগুলো এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১০ সালের পর গরু-সংক্রান্ত সহিংসতা বিবেচনায় চলতি ২০১৭ সালই ছিল সবচেয়ে খারাপ বছর। এ বছরের প্রথম ছয় মাসে ২০টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বেশি।
এদিকে হামলার ঘটনায় দেখা গেছে এগুলোর পাঁচটির একটিতে পুলিশ হামলাকারীর বদলে হামলার শিকার হয়েছেন যারা বা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়ার লোকের বিরুদ্ধেই মামলা করেছে। ৫ শতাংশ হামলার ঘটনায় কোনো হামলাকারীকে গ্রেপ্তারের কথা জানা যায়নি। ২৩টি ঘটনায় হামলাকারীরা ছিলেন সংগঠিত বা গ্রুপভিত্তিক। তাঁরা ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও স্থানীয় গো-রক্ষক সমিতির মতো অতি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক।
