ভারতীয় সংস্কৃতির কলঙ্ক তাজমহল, বললেন বিজেপির বিধায়ক

তাঁর রোষ থেকে বাদ যাননি স্বয়ং শাহজাহানও

কদিন আগেই উত্তরপ্রদেশের পর্যটন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাজমহল। তা নিয়ে বিতর্কও হয়েছে প্রচুর। সেই রেশ না-থিতোতেই তাজমহলকে ভারতীয় সংস্কৃতির কলঙ্ক এবং এর নির্মাণকারীকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেন ক্ষমতাসীন বিজেপির বিধায়ক সঙ্গীত সোম।

সঙ্গীত সোম মন্তব্য করেন, উত্তর প্রদেশের পর্যটন তালিকা থেকে তাজমহলের নাম সরিয়ে ফেলার পর বহু মানুষ উদ্বিগ্ন হয়েছেন। আমরা কোন ইতিহাসের কথা বলছি? তাজমহল সেই ব্যক্তি (সম্রাট শাহজাহান) নির্মাণ করেছেন, যিনি নিজের বাবাকে কারাগারে আটকে রেখেছিলেন। তিনি আরও বলেন, তিনি হিন্দুদের নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। এটা যদি ইতিহাস হয়; তাহলে সেটা খুবই দুঃখজনক এবং আমরা সেই ইতিহাস বদলে ফেলতে চাই।

বিতর্কের মুখে ভারতের পর্যটনমন্ত্রী রিতা বহুগুণা যোশি জানান, তাজমহল আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বের বিখ্যাত পর্যটন স্থানের একটি। তিনি আরও বলেন, সাংস্কৃতিক ঐতিহ্যের সামগ্রিক উন্নয়ন এবং সেগুলোর অবকাঠামোগত উন্নয়ন করা রাজ্য সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, গত জুন মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, প্রেমের নিদর্শন হিসেবে মোগল শাসক শাহজাহানের নির্মাণ করা ‘স্মৃতিস্তম্ভ’ ভারতের সংস্কৃতির সঙ্গে যায় না।

Developed by DXDasia