বহুদিন ধরে বাংলা ছবির ইন্ডাস্ট্রিকে একাই প্রাণবন্ত রেখেছিলেন প্রসেনজিৎ

আজ বুম্বাদার জন্মদিন

বাংলা ছবির জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। সকাল থেকে ফোন এবং সোশ্যাল মিডিয়ায় অসংখ্য শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তিনি। সেলিব্রিটি থেকে আমজনতা –  প্রিয় অভিনেতার দীর্ঘায়ু কামনায় উদ্বেল হয়েছেন বুম্বাদার ভক্তরা।

১৯৬২ সালের ৩০ সেপ্টেম্বর তাঁর জন্ম হয়েছিল। বাবা বিশ্বজিতের পরিচালনায় ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। ১৯৬৮ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে তিনি ছিলেন শিশুশিল্পী। দু’দশকের বেশি সময় ধরে বাংলা মূল ধারার ছবিতে নায়ক হিসেবে শীর্ষস্থানে রয়েছেন তিনি। পাশাপাশি ‘উনিশে এপ্রিল’, ‘দোসর’, ‘স্বপ্নের দিন’-এর মতো অন্য ধারার ছবিতেও তিনি সাবলীল। হিন্দি ছবি ‘আঁধিয়া’, ‘মিত মেরে মন’, ‘সাংহাই’, ইংরেজি ছবি ‘দ্য লাস্ট লিয়র’-এ তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

বাংলা ছবির বেশ কয়েকটি প্রজন্মের দর্শকদের মধ্যে সেতু হয়ে রয়েছেন প্রসেনজিৎ। একটা সময়ে নিজের ক্যারিশ্মা দিয়ে সিনেমা হল ভরিয়ে রাখতেন তিনি। হিন্দি সিনেমার প্রবল দাপটের মধ্যে বহুদিন ধরে বাংলা ছবির ইন্ডাস্ট্রিকে একাই প্রাণবন্ত রেখেছিলেন। শুধু গ্ল্যামার নয়, অভিনয় শিল্পেও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। আরও অনেক ভালো ছবিতে বুম্বাদার অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তকুল।

Developed by DXDasia