অলিম্পিকে পদক জয় করতে চায় সে
বান্ধবীকে ইভটিজারের হাত থেকে বাঁচিয়ে ইতিমধ্যেই সংবাদের শিরোনামে এসেছিল সে। এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে ক্যারাটেতে স্বর্ণপদক জিতে নিল এই বঙ্গতনয়া।
বীরভূমের গোয়ালপাড়া অঞ্চলের বাসিন্দা পারমিতা ভট্টাচার্য পড়াশোনা করে বোলপুর গার্লস স্কুলে। অল্পবয়স থেকে সে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছে। গত ১৪ এবং ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ইউলিনক্স শহরে এক ডজন বিদেশি প্রতিযোগীকে কুপোকাত করে তাফিসা ওয়ার্ল্ড মার্শাল আর্ট গেম অ্যান্ড ফেস্টিভ্যালের জুনিয়র বিভাগে ক্যারাটেতে স্বর্ণপদক হাসিল করল সে। হরিয়ানার এক প্রতিযোগীও ভারত থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত একমাত্র পারমিতাই ছিনিয়ে নিল সেরার শিরোপা।
২০১৭ সালে রাজ্যস্তরের প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিল বীরভূমের এই মেয়ে। তারপর ২০১৮ সালে অসমে জাতীয় স্তরের খেলায় সে রুপো জয় করে। সেই বছরই মণিপুরে অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে এই বঙ্গতনয়া রাশিয়ায় যাওয়ার ছাড়পত্র পায়। এবার পারমিতার লক্ষ্য অলিম্পিক এবং তার সমতুল্য প্রতিযোগিতায় সোনা জিতে নেওয়া।