সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক, পরিচালক পরমব্রত, প্রধান চরিত্রে কে?

বাংলা সিনেমার দর্শকদের জন্য অপেক্ষা করে বড়ো চমক

দু’জনেই অপু। ষাট বছর আগে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এ ডেবিউ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই চরিত্রে দর্শকমনে চিরস্থায়ী হয়ে গেছেন সৌমিত্র। আর, বছর পাঁচেক আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অপুর পাঁচালী’-তে ‘অপু’ সুবীর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত। একই চরিত্রে ফের সমাপতিত হতে চলেছেন দুই প্রজন্মের এই দুই অভিনেতা। উপলক্ষ্য সৌমিত্র চট্টোপাধ্যায়েরই বায়োপিক। ছবির পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায়। তবে শুধু এইটুকুই নয়, শোনা যাচ্ছে এই সিনেমায় যুবক সৌমিত্রের ভূমিকাতেও নাকি অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায় স্বয়ং।

সম্প্রতি উত্তমকুমারের বায়োপিক ‘যেতে নাহি দিব’ নিয়ে বিতর্ক ঘন হয়েছে। এমনকি পর্যাপ্ত গবেষণা নেই, তথ্য বিকৃতির অভিযোগে মামলাও রুজু হয়েছে আদালতে। সেই আবহেই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকের সিদ্ধান্ত। এই সিনেমার পরিকল্পনা প্রথম এসেছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের আমেরিকা-প্রবাসী চিকিৎসক-বন্ধু শুভেন্দু সেনের মাথায়। তারপর, আলোচনা এগোতে থাকে। পরিচালক হিসেবে পরমব্রতর নামে শিলমোহর দিয়েছেন সৌমিত্র স্বয়ং। এই চিত্রনাট্যে গবেষণার যে কোনো অভাব থাকবে না, বলাই বাহুল্য। চিত্রনাট্য লেখার দায়িত্বে খুব সম্ভবত থাকছেন পদ্মনাভ দাশগুপ্ত। দীর্ঘ ষাট বছরের অভিনয়-জীবন, সেইসঙ্গে ব্যক্তি সৌমিত্রকেও বড়ো পর্দায় ফুটিয়ে তোলা সহজ কাজ নয়। সেই চ্যালেঞ্জই নিচ্ছেন পরমব্রত।

তবে, চমক আরো বাকি। শোনা যাচ্ছে, প্রৌঢ় সৌমিত্রের চরিত্রে নাকি অভিনয় করবেন কিংবদন্তি অভিনেতা স্বয়ং। অফস্ক্রিন আর অনস্ক্রিন নায়ক মিলেমিশে যাবেন বড়োপর্দায়। সেই ম্যাজিক দেখার অপেক্ষাতেই এখন দর্শকরা।   

Developed by DXDasia