সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে যিশু, উত্তমকুমার হচ্ছেন প্রসেনজিৎ! – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা চারটি খবর

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকে যুবকবেলার চরিত্রে যিশু, উত্তমকুমার হতে পারেন প্রসেনজিৎ

এই প্রথমবার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক হচ্ছে বাংলায়। যার পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে ছবির নাম। ‘অভিযান’ – যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যুবকবেলার চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। তবে এই ছবিকে বায়োপিক বলতে নারাজ পরমব্রত। তাঁর মতে, ‘অভিযান’ আসলে সৌমিত্রর জীবন ফিরে দেখা। মঞ্চ থেকে সেলুলয়েড, কবিতা পাঠ থেকে লেখালেখি সবকিছুই উঠে আসবে এই ছবিতে। সত্যজিৎ রায় থেকে শিশির কুমার ভাদুড়ি মিলবে সকলের ঝলক। উত্তমকুমারের চরিত্রে দেখা যেতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। রবি ঘোষের চরিত্রে অভিনয় করতে পারেন রুদ্রনীল ঘোষ।সত্যজিৎ রায়ের চরিত্রে থাকছেন কিউ। পাওলি দাম সুচিত্রা সেনের ভূমিকায়। মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই বর্ণময় জার্নির গল্প শুনবে এবার সিনে-দর্শক। ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং।

আত্মরক্ষায় ক্যারাটে প্রশিক্ষণ নিতে এগিয়ে এল বরানগরের কয়েকশো ছাত্রী

নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে – এমনই এক যুক্তিবোধ থেকে ক্যারাটে প্রশিক্ষণ নিতে এগিয়ে এল কলকাতা বরানগরের ১৬টি গার্লস স্কুলের কয়েকশো ছাত্রী। স্বামী বিবেকাকন্দ ক্যারাটে আকাদেমির উদ্যোগে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের সূচনা হল সম্প্রতি। শিবিরের উদ্বোধন করেন বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী সত্যপ্রকাশনন্দ। যেভাবে দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনা ঘটছে তাতে মেয়েদেরই এগিয়ে আসতে হবে। আত্মরক্ষার্থে তাই ক্যারাটে শেখা জরুরি বলে মনে করছেন ক্যারাটে প্রশিক্ষক বিধান মল্লিক।

শব্দের আঘাতে ভাঙা হল হৃদধমণীর ব্লকেজ – বেনজির ঘটনা মহানগরে

কিডনিতে জমে থাকা পাথর গুঁড়িয়ে দিতে লিথোট্রিপসি পদ্ধতি ব্যবহার করেন চিকিৎসকরা। এবার লিথোট্রিপসি অপারেশন করে হৃদধমণীর ব্লকেজ সরিয়ে দেওয়া হল। খোদ কলকাতাতেই ঘটল এমন ঘটনা। বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে এই পদ্ধতি মহম্মদ বেহসিন নামের এক সত্তরোর্ধ্ব রোগীর ওপর প্রয়োগ করা হয় গত বৃহস্পতিবার। তাঁর বুকে ক্যালিয়ামের ব্লকেজ থাকায় সাধারণ অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো যাচ্ছিল না। তখন করোনারি শকওয়েভ লিথোট্রিপসি করে শব্দতরঙ্গের মাধ্যমে হৃদধমণীর ব্লকেজ ধ্বংস করা হয়। এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এমন প্রযুক্তি পূর্ব ভারতে প্রথম তাঁরাই ব্যবহার করলেন। বেনজির এই অপারেশন করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ আফতাব খান। সোমবার অ্যাপোলো আয়োজিত এক সংবাদিক সম্মেলনে তিনি জানান, ক্যালসিয়াম জমে অনেক সময়ে হৃদধমণীর ব্লকেজগুলি এত কঠিন হয়ে যায়, যে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করে তা সারানো যায় না। শকওয়েভ লিথোট্রিপসির মাধ্যমে সেই ব্লকেজ সারিয়ে অসাধ্যসাধন করা গেল।

খারাপ হস্তাক্ষরকে মুক্তোর মতো করতে স্কুলে শেখানো হবে আঙুলের ব্যায়াম

হাতের লেখা ভালো না হলে যেমন পরীক্ষায় বেশি নম্বর পেতে সমস্যা হয়, তেমনই কেরিয়ারেও পক্ষেও তা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এবার তাই প্রাথমিক স্তর থেকেই পড়ুয়াদের হাতের লেখা ঝরঝরে করে তুলতে উদ্যোগ নিচ্ছে স্কুলশিক্ষা দপ্তর। প্রথম এবং দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের ক্লাসেই শেখানো হবে আঙুলের ব্যায়াম – এরকমই নির্দেশিকা এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে। কিছু নির্দিষ্ট ব্যায়াম এবং নির্দেশিকা ছবি-সহ দেওয়া হয়েছে স্বাস্থ্য ও শারীরশিক্ষার বইয়ে। লেখার সময়ে যে তিনটি আঙুল ব্যবহার করা হয়, হাতের লেখা ভালো করতে সেই আঙুলগুলো দিয়ে কাগজ ছিঁড়ে গোল্লা পাকানোর ব্যায়ামের কথা বলা হয়েছে সেই বইতে। শিক্ষকরা পড়ুয়াদের শেখাবেন, কীভাবে বাঁ হাতে খাতা ধরে লিখতে হয়, লেখার সময়ে চাপ কম দিয়ে কীভাবে হাল্কাভাবে লিখতে হয়। আরও কিছু মজাদার ব্যায়াম এবং পরামর্শও রয়েছে। ব্যায়ামের জন্য স্কুলগুলিকে দেওয়া হয়েছে অনুশীলন বই।
Developed by DXDasia