
মুক্তি পেল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বায়োপিকের ট্রেলার
এখনকার প্রজন্ম কি বই পড়তে ভুলে যাচ্ছে? বাংলা বইয়ের চাহিদা কি কমছে? বিশ্বায়নের যুগে সবাই ঝুঁকেছে ইংরেজির দিকে। মাতৃভাষাকে সম্মান জানাতেই কলকাতার বিভিন্ন স্কুলে আয়োজন করা হয়েছিল ‘ইস্কুলে বায়োস্কোপ’। থিম ছিল- শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাহিত্যকর্ম। দ্য হেরিটেজ স্কুল, মডার্ন হাই স্কুল ফল গার্লস, লা মার্টিনিয়র স্কুল ফর বয়েজ, লরেটো ডে স্কুল, ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, গোখেল মেমোরিয়াল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল-সহ বেশ কিছু ইংরেজি মাধ্যমের স্কুলে দেখানো হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনি নিয়ে নির্মিত কিছু বাংলা চলচ্চিত্র। ‘মনোজদের অদ্ভুত বাড়ি’, গোঁসাই বাগানের ভূত’, ‘হীরের আংটি’, ‘পাতালঘর’ ইত্যাদি ছবি দেখানো হয়।
অনুষ্ঠানের উদ্যোগে ছিলেন সস ব্র্যান্ড কমিউনিকেশন। এদিন সমাপ্তি অনুষ্ঠানে শীর্ষেন্দুর বায়োপিকের ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে সাহিত্যিকের ছোটোবেলা থেকে বর্তমান, সমস্ত ঘটনাই উঠে এসেছে। তাঁর ময়মনসিংহের বাড়ি, ওপার বাংলা থেকে এপারে এসে চাকরি জীবন, সাহিত্যকর্ম সবই উঠে এসেছে ট্রেলারে। নবনীতা দেবসেন, সৌমিক বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকেই এই ট্রেলারে তাঁদের বক্তব্য রেখেছেন।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ সালের ২ নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর চলে আসেন কলকাতা। বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। প্রসঙ্গত, প্রথিতযশা এই সাহিত্যিককে নিয়ে এই প্রথমবার কোনো বায়োপিক নির্মিত হল।
