কোথায় য-ফলা সঙ্গে আ-কার আর কোথায় নয়
আ-কার যেন একটা দুষ্টু মেয়ে। কখন যে সে য-ফলার পাশে আছে, আর কখন যে সে পালিয়ে গেছে, খেয়াল না রাখলেই ভুল। ‘ব্যক্ত’ আর ‘ব্যারাম’ শব্দ দুটি লিখতে বসে ধন্দ হয়। ব্য-র পর আ-কার বসবে কি? না কি বসবে না? ছোটদের আরও সমস্যা। তাই লিখতে বসে ওরা ‘ব্যক্তি’ কে কখনও কখনও ‘বেক্তি’ লিখে ফেলে। ‘ব্যাকরণ’ লিখতে গিয়ে লিখে ফেলে ‘ব্যকরণ’, যা ভুল।
ছোটদের শেখাতে গিয়ে বলে দিতে হবে, ব্যাগ, ব্যাণ্ডেজ, ব্যাডমিনটন, ব্যারোমিটার, ব্যালকনি, ব্যালাড, ব্যারিস্টার, ব্যাকটেরিয়া ব্যাটারি ব্যাঙ্ক, এই সব বিদেশি শব্দ বাংলায় উচ্চারণের সময় যেমন ‘ব্যা’ হয়, লেখার ক্ষেত্রেও ‘ব্যা’ হয়।
ব্যাকরণ, ব্যাকুল, ব্যাখ্যা, ব্যাপার, ব্যাপৃত, ব্যামো, ব্যাহত শব্দগুলি যে ‘ব্যা’ হবে সেটি মনে রাখার একটি উপায় হল ‘ব্যা’-এর পর ক, খ, প, ম, হ যখন শোনা যাবে, তখনই ‘ব্য+ আকার’=‘ব্যা’ হবে।তবে মনে রাখতে হবে ‘য়’, ‘ব্য’-এর পরেও বসে, যেমন ‘ব্যয়’। আবার ‘ব্য+আ’-এর পরেও বসে। যেমন ‘ব্যায়াম’।
ছোটরা হয়েতো বলবে ‘ব্যায়াম/ব্যাগ উচ্চারণ করছি ‘ব্যা’ লিখছিও ‘ব্যা’। কিন্তু ব্যক্ত, ব্যগ্র, ব্যঙ্গ, ব্যঞ্জক, ব্যতিক্রম, ব্যতীত, ব্যথা, ব্যবধান, ব্যবসা, ব্যবস্থা, ব্যবহার, ব্যয়, ব্যর্থ, ব্যস্ত, এই শব্দগুলি ‘ব্য’(ব্+যফলা) লিখলেও উচ্চারণ করছি ‘ব্যা’। এইখানে সমস্যা।
এই সমস্যা বাংলায় যারা লেখাপড়া করে তাদের প্রায় সবার। এই ধরনের সমস্যা কম বেশি সব ভাষাতেই নানা ভাবে আছে। বাংলা ব্যতিক্রম নয়। তবে ছোট থেকে বারবার বলে, লিখিয়ে আত্মস্থ করিয়ে দিলে ছোটদের মাথায় গেঁথে যাবে। অনুশীলনের মধ্যে দিয়ে বারবার লিখলে মাথায় এই শব্দের বানানের ছবি স্পষ্ট করে ধরা থাকবে।
‘ব্য’-র পর যখন যুক্তবর্ণ থাকে, যেমন ব্যক্ত, ব্যক্তি, ব্যগ্র, ব্যঙ্গ ব্যঞ্জনা ইত্যাদি, তখন আ-কার হয় না। আগেই বলেছি ‘ব্যক্তি’ নিয়ে উচ্চারণ আর বানানে প্রায়ই গোলমাল হয়। লেখা হয় ‘ব্যক্তি’ উচ্চারণ করা হয় ‘ব্যেক্তি’। এটা মনে রাখার সুবিধার জন্য, ছোটদের বলা যেতেই পারে তারাও নিজেরা একেকজন ব্যক্তি। তাদের বড় হতে হবে। হেলে দুলে হাঁটলে চলবে না, সোজা হয়ে পথ চলতে হবে। তাই ‘ব্যক্তি’ শব্দটি লিখতে বসে তার কোনও এ-কারের দরকার নেই। মনে রাখতে হবে, বাংলা ভাষায় ‘ব্যে’ দিয়ে কোনও শব্দই নেই।
আবার ‘সকালবেলা’, বিকেলবেলা, সন্ধ্যাবেলা’কে উচ্চারণ করি ‘ব্যালা’, কিন্তু লিখতে গেলে লিখতে হবে ‘বেলা’।
য-ফলা আর আকারের গল্প আজ এ পর্যন্তই। পরে আবার সময় করে এই নিয়ে কথা হবে।