এক সময়ের বন্ধুকে মার্ক্স-এর সই করে দেওয়া কপি
ছেঁড়া-খোরা, ঝুরঝুরে একটি বই। তার প্রথম কপি এক প্রিয় কমরেডকে ১৮৬৭ সালে ১৪ সেপ্টেম্বর নিজের স্বাক্ষরসহ উপহার দিয়েছিলেন, যেদিন বইটি জর্মনির হ্যামবুর্গ প্রকাশিত হয়।গত ১৫ জুন নিলামে সেই কপির দর উঠেছিল ২১৮,০০০ ডলারে। তার ১৩ মাস আগে বিক্রি হয়েছিল ১২০, ০০০ ডলার, একই নিলাম সংস্থা বনহ্যামসে। সে খবর লন্ডনের ‘গার্ডিয়ান’ দৈনিকে ফলাও করে বেরিয়েছিল- বেরিয়েছিল-
https://www.theguardian.com/books/2016/may/23/signed-copy-of-marx-das-kapital-to-fetch-up-to-120000-at-auction।
প্রায় ৮৬ শতাংশ দর বৃদ্ধি। সেই বইটি কার্ল হাইনরিখ মার্ক্সের যুগান্তকারী ‘দাস কাপিতাল-মূল জর্মনে Das Kapital, Kritik der politischen Ökonomie- ‘পুঁজিঃ রাজনৈতিক অর্থনীতির সমালোচনা’র প্রথম কপি গত ১৫ জুন নিলামে বিক্রি হয়েছে ২১৮,০০০ মার্কিন ডলারে।
এই কপিটি মার্ক্স উপহার দিয়েছিলেন ইয়োইহান গিয়র্গ ইক্কেরিয়াসকে।আন্তর্জাতিক শ্রমজীবি সঙ্ঘের(যা প্রথম আন্তর্জাতিক নামেও পরিচিত) তদানীন্তন সাধারণ সম্পাদক। পেশায় দর্জি ও ট্রেড ইউনিয়ন সংগঠক। মার্ক্স ও ইক্কেরিয়াস ২৮ সেপ্টেম্বর ১৮৬৪-তে সঙ্ঘের প্রথম সভায় উপস্থিত ছিলেন ও তার প্রথম নির্বাচিত সাধারণ পরিষদে নির্বাচিত হয়েছিলেন। সঙ্ঘের প্রথম সাধারণ সম্পাদক রবার্ট শ ৯ জুলাই ১৮৬৭ সালে পদত্যাগ করলে দায়িত্ব নেন ইক্কেরিয়াস।
মার্ক্স ও ইক্কেরিয়াস-এর বন্ধুত্বের সূচনা ১৮৪৬ সালে। কমিউনিস্ট লীগ ১৮৪৬ সালে যখন প্রতিষ্ঠিত হয়, মার্ক্স ও এঙ্গেলস আমন্ত্রিত হন। ইক্কেরিয়াসও সেই উদ্যোগে যুক্ত ছিলেন। সেখানেই মার্ক্স ও এঙ্গেলসের সঙ্গে আলাপ ও বন্ধুত্বের সূত্রপাত। ইক্কেরিয়াস লীগের প্রথম নির্বাচিত তিনজন কার্যকরী কমিটির সদস্যের একজন ছিলেন। পরে মার্ক্সকে কমিটিতে মনোনয়নে (কো-অপ্টেড) তিনি মুখ্য ভূমিকা নেন।
এই খবর ভারতের সরকারী মার্ক্সবাদী দলগুলির ( সিপিআই – এম, সিপি আই ও সিপি আই-এম এল) মুখপত্রে বেরোয় নি। অথচ এ বছর মার্ক্সের আকর গ্রন্থ ‘দাস কাপিতাল’ প্রকাশের ১৫০ তম বার্ষিকী। অবশ্য ঐ দলগুলি সেই দিনটায় (১৪ সেপ্টেম্বর ২০১৭) তাদের মুখপত্র বা প্রভাতী দৈনিকে ঐ বই নিয়ে কোন নাম-কা-ওয়াস্তে ফিচার/প্রবন্ধও প্রকাশ করেনি।
শেষের দিকে মার্ক্সের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটেছিল। যক্ষায় আক্রান্ত হয়ে ইক্কেরিয়াস-এর দর্জির চাকরি খোয়ান। তখন মার্ক্স তাঁর স্ত্রী ইয়েনির শীত-পোষাক (অতি কস্টার্জিত হলেও )দিয়ে দেন। তাঁকে সাংবাদিকতার তালিমও দেন। কিন্তু সেটাই কাল হয় । দুজনের বন্ধুতায় অচিরেই চিড় ধরে। মার্ক্স প্রকাশ্যে ইক্কেরিয়াস-এর বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি তাঁর পদের অপব্যবহার করে বিভিন্ন সংবাদ পত্রে মার্ক্সের লেখা নিজের নামে ছাপাচ্ছেন। এজন্যে শেষ অব্দি ইক্কেরিয়াসকে সাধারণ সম্পাদকের পদে ইস্তফা দিতে হয়।রুষ্ট ও ক্ষূব্ধ এঙ্গেলস ইক্কেরিয়াস সম্পর্কে সখেদে বলেন, “সত্যিই অধঃপ্রতিত, যিনি আন্তর্জাতিক সঙ্ঘকে নিজস্বার্থে দুগ্ধবতী গাভীর মত অপব্যবহার করেছেন।”
নিলাম ব্যবসায়ী সংস্থা বনহ্যামস এর প্রতিষ্ঠা ১৭৯৩ সালে। পুরনো শিল্প ও গ্রন্থ নিলাম-এর কতিপয় প্রাচীনতম নিলাম ব্যবসায় সংস্থার অন্যতম।সংস্থার বরিষ্ঠ গ্রন্থ ব্যবসা-বিশেষজ্ঞ বলেছেন, “বইটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কতিপয় গ্রন্থের অন্যতম এবং প্রাচীন গ্রন্থ সংরক্ষ্ণণে এর মূল্যের কথা মনে রাখলে এই দর অপ্রত্যাশিত ছিল না। যখন দুনিয়া জুড়ে ‘দাস কাপিতাল’-এর জর্মন, ফরাসী ও ইংরাজী সংস্করণের চাহিদা ক্রমবর্ধমান ( কারণ ২০০৮ সালে মার্কিন মুলুকে ‘সাব প্রাইম’ সংকটে দুনিয়া জুড়ে ত্রাহি ত্রাহি ভাব ও শিকাগো স্কুলের অর্থ শাস্ত্রজ্ঞরাও এর ব্যাখ্যা দিতে ব্যর্থ), তখন ঐতিহাসিক গ্রন্থটির প্রথম খন্ডের ‘অ্যান্টিক’ মূল্য বাড়বে, তা স্বাভাবিক। এই প্রতিবেদক এই সংবাদের জন্য কৃতজ্ঞ পূর্ব ভারতের বিরল মার্ক্স-চর্চাবিদ ও বহুবিষয়ে পন্ডিত এবং বহুভাষাবিদ প্রদীপ বকশির কাছে।
ছবি – ব্রাউন রঙের ছেঁড়া-খোরা বইটার ছবি ও মার্ক্সের নিজে হাতে ইক্কেরিয়াস-এর নাম লেখা উপহার