স্বকণ্ঠে শঙ্খ ঘোষ : দ্বাদশ পর্বে শুনুন তাই ‘তাই এত শুকনো হয়ে আছো’ ও ‘মনকে বলো ‘না’’

ঙ্খ ঘোষ (৫ ফেব্রুয়ারি ১৯৩২ – ২১ এপ্রিল ২০২১) ছিলেন বাংলা তথা ভারতের একজন শক্তিমান কবি, চিন্তক, অধ্যাপক ও সাহিত্য-সমালোচক। বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে প্রসিদ্ধ ছিলেন শঙ্খবাবু। ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থটির জন্য পান দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি। গদ্যগ্রন্থ ‘বটপাকুড়ের ফেনা’-র জন্য ২০১৬ সালে পান ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার। পি অ্যান্ড এম রেকর্ডস আজ থেকে প্রায় দুই দশক আগে রেকর্ড করেছিল শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা। মহান কবিরা নিজের শরীর ত্যাগ করলেও আমাদের ছেড়ে যান না। লেখাই তাঁকে জীবিত করে রাখে। ধরুন শঙ্খ ঘোষ তাঁর কবিতা পড়ছেন আবার। আবার তাঁর গমগমে কণ্ঠ আমাদের ফিরিয়ে দেবে বহু স্মৃতি। শঙ্খ ঘোষের অসংখ্য কবিতা শোনানো হচ্ছে বঙ্গদর্শন.কম-এ। প্রতি সোমবার প্রকাশিত হচ্ছে দুটি করে কবিতা। আজ দ্বাদশ পর্বে কবিকণ্ঠে শুনুন ‘তাই এত শুকনো হয়ে আছো’ ও ‘মনকে বলো ‘না’’।

তাই এত শুকনো হয়ে আছো
শ ঙ্খ ঘো ষ

অনেকদিন মেঘের সঙ্গে কথা বলোনি তাই এত শুকনো হয়ে আছো
এসো তোমার মুখ মুছিয়ে দেই
সকলেই শিল্প খোঁজে রূপ খোঁজে
আমাদের শিল্পরূপে কাজ নেই
আমরা এখানে বসে দু-একটি মুহূর্তের শস্যফলনের কথা বলি
এখন কেমন আছো বহুদিন ছুঁয়ে তো দেখিনি
শুধু জেনে গেছি ফাটলে ফাটলে নীল ভগ্নাবশেষ জমে আছে
দেখো এই বীজগুলি ভিখারির অধম ভিখারি তারা জল চায় বৃষ্টি চায়
অতপ্রোত অন্ধকারও চায়
তুমিও চেয়েছো ট্রামে ফিরে আসবার আগে এবার তাহলে কোনো দীর্ঘতম শেষকথা হোক
অবশ্য, কাকেই-বা বলে শেষ কথা। শুধু
দৃষ্টি পেলে সমস্ত শরীর গলে ঝরে যায় মাটির উপরে,
আর ভিখারিরও কাতরতা ফেটে যায় শস্যের দানায় দানায়
এসো মেঘ ছুঁয়ে বসি আজ বহুদিন পর এই হলুদডোবানো সন্ধ্যাবেলা।

 

মনকে বলো ‘না’
শ ঙ্খ ঘো ষ

এবার তবে খুলে দেওয়া, সব বাঁধনই আলগা করে নেওয়া
যখন বলি, কেমন আছো? ভালো?
‘ভালো’ বলেই মুখ ফিরিয়ে নেবার মতন মরুভূমি
এবার তবে ছিন্ন করে যাওয়া।

বন্ধ ছিল সদর, তোমার চোখ ছিল যে পাথর
সেসব কথা আজ ভাবি না আর
যাওয়ার পরে যাওয়া কেবল যাওয়া এবং যাওয়ায়
আকাশ গন্ধরাজ।

শিরায় শিরায় অভিমানের ঝর্না ভেঙে নামে
দুই চোখই চায় গঙ্গযমুনা
মন কি আজও লালন চায়? মনকে বলো ‘না’
মনকে বলো ‘না’, বলো ‘না’।

প্রতি সোমবার ৩টেয়, বঙ্গদর্শনের পডকাস্টে ‘স্বকণ্ঠে শঙ্খ ঘোষ’ শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে

Written by