শঙ্খ ঘোষ (৫ ফেব্রুয়ারি ১৯৩২ – ২১ এপ্রিল ২০২১) ছিলেন বাংলা তথা ভারতের একজন শক্তিমান কবি, চিন্তক, অধ্যাপক ও সাহিত্য-সমালোচক। বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে প্রসিদ্ধ ছিলেন শঙ্খবাবু। ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থটির জন্য পান দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি। গদ্যগ্রন্থ ‘বটপাকুড়ের ফেনা’-র জন্য ২০১৬ সালে পান ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার। পি অ্যান্ড এম রেকর্ডস আজ থেকে প্রায় দুই দশক আগে রেকর্ড করেছিল শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা। মহান কবিরা নিজের শরীর ত্যাগ করলেও আমাদের ছেড়ে যান না। লেখাই তাঁকে জীবিত করে রাখে। ধরুন শঙ্খ ঘোষ তাঁর কবিতা পড়ছেন আবার। আবার তাঁর গমগমে কণ্ঠ আমাদের ফিরিয়ে দেবে বহু স্মৃতি। শঙ্খ ঘোষের অসংখ্য কবিতা শোনানো হচ্ছে বঙ্গদর্শন.কম-এ। প্রতি সোমবার প্রকাশিত হচ্ছে দুটি করে কবিতা। আজ অষ্টম পর্বে কবিকণ্ঠে শুনুন ‘তুমি কোন দলে’ ও ‘জাবাল সত্যকাম’।
তুমি কোন দলে
শঙ্খ ঘোষ
বাসের হাতল কেউ দ্রুত পায়ে ছুঁতে এলে
আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দলে
ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে
প্রশ্ন করো তুমি কোন দলে
পুলিশের গুলিতে যে পাথরে লুটোয়
তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল
তোমার দুহাতে মাখা রক্ত কিন্তু
বলো এর কোন হাতে রং আছে
কোন হাতে নেই
টানেলে মশাল হাতে এনে ওকে তাকে দেখো
কার মুখে উলকি আছে কার মুখে নেই
কী কাজ কী কথা সেটা তত বড় কথা নয়
আগে বলো তুমি কোন দল
কে মরেছে ভিলাইতে ছওিশগড়ের গাঁয়ে
কে ছুটেছে কার মাথা নয় তত দামি
ঝনঝন ঝনঝন নাচ হবে কোন পথে
কোন পথ হতে পারে আরো লঘুগামী
বিচার দেবার আগে জেনে নাও দেগে দাও
প্রশ্ন করো তুমি কোন দল
আত্মঘাতী ফাঁস থেকে বাসি শব খুলে এনে
কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল
রাতে ঘুমোবার আগে ভালোবাসার আগে
প্রশ্ন করো কোন দল তুমি কোন দল
জাবাল সত্যকাম
শঙ্খ ঘোষ
আচার্য বললেন, এমন বাক্য ব্রাহ্মণেই সম্ভব। হে সৌম্য, সমিধ আহরণ করো, তোমায় উপনীত করব, কারণ সত্য থেকে তুমি ভ্রষ্ট হওনি। ক্ষীণ ও দুর্বল গোধনের চারশো তাকে পৃথক করে দিয়ে বললেন, অনুগমন ক… বনাভিমুখে তাদের চালিত করে সত্যকাম জানালেন ‘সহস্র পূর্ণ না হলে আমি ফিরব না’।। ছান্দোগ্য উপনিষদ ৪।৪
তুমি দিয়েছিলে ভার, আমি তাই নির্জন রাখাল।
তুমি দিয়েছিলে ভার, আমি তাই এমন সকালসন্ধ্যা
আজানু বসেছি এই উদাসীন মর্যাদায়
চেয়ে আছি নিঃস্ব চোখে চোখে।
এ কি ভালোবাসে ওকে? ও কি একে ভালোবাসে?
আমারই দু-হাতে যেন পরিচর্যা পায়
ভালোবাসাবাসি করে। যখন সহস্র পূর্ণ হবে
ফিরে যাব ঘরে
যখন সহস্র পূর্ণ হবে
আয়তনবান এই দশ দিক বায়বীয় স্বরে
ফিরে নেবে ঘরে
এখন অনেকদিন বন্ধুদল তোমাদের হাতে হাতে নই
এখন স্পষ্টই
আমার আড়াল, বনবাস।
প্রতি সোমবার ৩টেয়, বঙ্গদর্শনের পডকাস্টে ‘স্বকণ্ঠে শঙ্খ ঘোষ’ শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে।
