সোহিনী গুপ্তের ডিজাইনে পুরোনো কাপড়ের পুনর্জন্ম

৮ ও ৯ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় আয়োজিত হবে সোহিনী গুপ্তের একক শিল্প-প্রদর্শনী

মাজের চোখে যা-কিছু অবাঞ্ছিত কিংবা যা ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে ঘরের এক কোণে, এমনই সব ছোটো ছোটো পুনর্ব্যবহারযোগ্য সরঞ্জামকে নিজের হাতে নিজের দক্ষতায় সাজিয়ে তুলছেন শিল্পী/ ডিজাইনার সোহিনী গুপ্ত (Shohini Gupta)। এক কথায় পুরোনো কাপড়ের পুনর্জন্ম। আর সে সাজসজ্জাই পরিবেশিত হচ্ছে ভিন্ন স্বাদের অলংকার হিসেবে। ফেলে দেওয়া কাপড়ের টুকরো, যা থেকে তৈরি হচ্ছে অপূর্ব-সুন্দর কাঁথা, কিংবা গয়না। সোহিনী নির্দিষ্টভাবে একক ‘সিগনেচার স্টাইলে’ বিশ্বাস করেন না। বরং পৃথিবী ব্যাপী স্টাইল বা শৈলীর এই যে ভিন্ন ভিন্ন মাধ্যম, কৌশল এবং সর্বোপরি যে বৈচিত্র্য রয়েছে, তা সোহিনী তাঁর কাজের মধ্যে দিয়ে উদযাপন করতে চান। প্যাচওয়ার্ক টেলস্ (Patchwork Tales) শীর্ষক একটি একক প্রদর্শনীতে সোহিনী এসব চিন্তাভাবনাই নতুন আঙ্গিকে দেখাতে চান দর্শককে। আগামী ৮ ও ৯ ডিসেম্বর দক্ষিণ কলকাতার The Zs’ Precinct (18/76A Dover Lane)-এ এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সোহিনী গুপ্ত

সারা দুনিয়া জুড়েই এখন প্রাকৃতিক সম্পদ বাঁচানো নিয়ে নানা আন্দোলন চলছে৷ ফ্যাশন দুনিয়াতেও এসে পড়েছে তার আঁচ। এই নতুন ফ্যাশন স্টেটমেন্টের পোশাকি নাম আপসাইকেলড ফ্যাশন (Upcycled Fashion)৷ সারা পৃথিবীর ফ্যাশন দুনিয়াই এখন আপসাইকেলড ফ্যাশন নিয়ে চর্চা করছে৷ অনেকে এই সচেতনতাকে গ্রিন ফ্যাশনও (Green Fashion) বলে থাকেন৷ নতুন কোনও পোশাক তৈরি করতে হলে, প্রয়োজন পড়ে নতুন ফ্যাব্রিকের। এই ফ্যাব্রিক কিছু না কিছু প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হচ্ছে৷ তাই পুরোনো পোশাক বা ফেলে দেওয়া সুতো থেকে যদি নতুন করে পোশাক ডিজাইন করে আরও কিছুদিন ব্যবহার করা যায়, তাহলে প্রাকৃতিক সম্পদ রক্ষা করার উপায় তৈরি হয়৷ সোহিনী গুপ্ত এই বিষয় নিয়েই কাজ করছেন বিগত কয়েকবছর।

কাঁথায় কারুকাজ

সোহিনী একজন প্রোডাক্ট-ডিজাইনার ও শিল্পী। প্রধানত তিনি পুনর্ব্যবহারযোগ্য ফ্যাব্রিক ও খুঁজে পাওয়া নানান জিনিস নিয়ে কাজ করেন। বর্তমানে তাঁর অনুশীলনের মধ্যে রয়েছে ব্যবহৃত কাপড়, কাগজ, স্ক্র্যাপ মেটাল, পরিধানযোগ্য শিল্প, টেক্সটাইল এবং নানান ইন্সটলেশন নির্মাণ। সোহিনীর জন্ম শিল্পী পরিবারে। শিল্পের বিভিন্ন মাধ্যমের চর্চায় নিহিত থাকা তাঁর পরিবার সূত্রেই। তাই ফ্যাশন ডিজাইনকে পেশা হিসেবে বেছে নেওয়া ছিল সোহিনীর একমাত্র স্বাভাবিক পছন্দ। শান্তিনিকেতন বিশ্বভারতীর কলাভবন থেকে প্রিন্ট মেকিংয়ে স্নাতক শেষ করে হয়ে উঠেছেন পূর্ণকালীন শিল্পী। নানান ইন্সটলেশন ও পারফর্মিং আর্টে অংশগ্রহণের পাশাপাশি শেখেন গ্রাফিক ও ওয়েব ডিজাইন। ২০১২ সালে তৈরি করেন নিজের ব্র্যান্ড SHOHINI। যা মূলত হাতে বানানো গয়না নিয়ে কাজ করে। এযাবৎকাল অবধি তাঁর কাজ প্রদর্শিত হয়েছে কলকাতার ওয়েভার্স স্টুডিও, গঙ্গা আর্ট গ্যালারি, ক্লোকরুম পপআপ হাট, কলকাতা আর্টস লেন ফেস্টিভ্যাল, এমনকি মুম্বাইয়ের বারো মার্কেট বেঙ্গল বাজারেও।

গয়না

সোহিনী একজন প্রোডাক্ট-ডিজাইনার ও শিল্পী। প্রধানত তিনি পুনর্ব্যবহারযোগ্য ফ্যাব্রিক ও খুঁজে পাওয়া নানান জিনিস নিয়ে কাজ করেন। বর্তমানে তাঁর অনুশীলনের মধ্যে রয়েছে ব্যবহৃত কাপড়, কাগজ, স্ক্র্যাপ মেটাল, পরিধানযোগ্য শিল্প, টেক্সটাইল এবং নানান ইন্সটলেশন নির্মাণ।

হারিয়ে যাওয়া, ফেলে দেওয়া, ভেঙে যাওয়া অথবা পুরোনো হয়ে যাওয়া পোশাক বা অপছন্দের নানান দৈনন্দিন জিনিস এখন সোহিনীর সাজের সংজ্ঞা। ‘তুচ্ছ’ আসলে যে তুচ্ছ নয়, তাকে বড়ো করে দেখা, যা আবার কিনা পরিবেশবান্ধব, সেই সন্ধানেই বারবার সোহিনী নিয়োজিত থেকেছে। প্যাচওয়ার্ক টেলস্ শীর্ষক প্রদর্শনীও সে কথাই বলবে বলে জানান সোহিনী গুপ্ত। বঙ্গদর্শন.কম-কে তিনি বলেন, “গত এক দশক বা তারও বেশি সময় ধরে আমি আপসাইকেল করা হস্তনির্মিত সামগ্রী তৈরি করছি। সত্যি কথা বলতে এই কাজ সাংঘাতিক উপভোগ করছি। আমার কাজ আদতে সাদামাটা হলেও সেগুলি প্রাণবন্ত, উজ্জ্বল রং ও টেক্সচার বিশিষ্ট, যা আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এই কাজগুলিই প্রদর্শনীতে দেখা যাবে।”

গয়না

তাঁর ব্র্যান্ড MELA by Shohini-তে পাওয়া যাবে হাতের তৈরি যাবতীয় অলংকার ও পোশাক। সোহিনী একজন সফল গয়না প্রস্তুতকারক তো বটেই, পাশাপাশি আপসাইকেল করা কাপড় ও অন্যান্য জিনিসগুলি থেকে নানাবিধ শিল্পকর্ম, কাঁথা, ট্যাপেস্ট্রির মতো কিছু কাজের নমুনা তৈরি করেছেন। সোহিনীর এই ব্র্যান্ড হয়ে উঠেছে টেকসই। সোহিনী জানান, তাঁর কাজের সমগ্র জুড়ে রয়েছে পরিবেশ। “একজন ডিজাইনার এবং কারিগর হওয়ার ক্ষেত্রে আমার চারপাশের পরিবেশই আমার কাজের ভাষা ও উদ্দেশ্য খুঁজে দিতে সাহায্য করেছে।” বঙ্গদর্শন.কম-কে জানান সোহিনী।

সোহিনীর আপসাইকেল করা গয়না, কাঁথা, ঘর সাজানোর সামগ্রী, চিত্রাঙ্কন ও ইন্সটলেশন দেখা ও কেনা যাবে এই প্রদর্শনী থেকে। পরবর্তীকালে এই ব্র্যান্ড অন্যান্য ডিজাইনার-নির্মাতা-শিল্পীদের কাজও প্রদর্শন করবে।

________
Patchwork Tales/ 8- 9 Dec, 2023/ 12 -7 PM/ The Zs’ Precinct (18/76A Dover Lane, Kolkata 700029)

Written by