
রান্না করতে, ধ্রুপদী সংগীত শুনতে ভালোবাসেন এসথার ডুফলো
তাঁর আগে মাত্র একজন মহিলাই অর্থনীতিশাস্ত্রে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এলিনোর ওস্ট্রমের পর দ্বিতীয় মহিলা হিসেবে সেই শিরোপা অর্জন করলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এসথার ডুফলো।
প্যারিসের একল নর্ম্যাল সুপিরিয়র থেকে অর্থনীতি এবং ইতিহাসে ডিগ্রি অর্জন করেছিলেন এসথার। তারপর ১৯৯৯ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা মিট থেকে অর্থনীতিতে পিএইচডি। তাঁর জয়েন্ট সুপারভাইজার ছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মাত্র ২৯ বছর বয়সে এসথার মিটের অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। ২০১৫ সালে অভিজিতের সঙ্গে ঘটল তাঁর পরিণয়। গবেষণার পাশাপাশি এসথার ভালোবাসেন পাহাড়ে উঠতে, রান্না করতে, ধ্রুপদী সংগীত শুনতে।
এসথার এবং অভিজিতের গবেষণার একটা বড়ো অংশ জুড়ে আছে ভারত। একটা সময়ে উত্তর ভারতের গ্রামে গ্রামে ঘুরে গরিব মানুষদের অবস্থা বোঝার চেষ্টা করতেন এসথার। মাত্র ৪৬ বছর বয়সে তিনি অর্থনীতিতে নোবেল পেলেন। অর্থনীতিতে এত কম বয়সে এর আগে কেউ নোবেল পাননি। এসথার এবং বিনায়কের সঙ্গে এবার অর্থনীতিশাস্ত্রে এবছর নোবেল পেয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল ক্রেমার।
