
চাইল্ড রাইটস অ্যান্ড ইউ-এর উদ্যোগ
গত এক মাস জুড়ে স্কুলে স্কুলে ঘুরে শিশু অধিকার রক্ষার অভিনব বার্তা দিল চাইল্ড রাইটস অ্যান্ড ইউ বা ক্রাই। রুবি পার্ক পাবলিক স্কুল, শ্রী শিক্ষায়তন, হরিয়ানা বিদ্যা মন্দির প্রভৃতি কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করল এই প্রচার অভিযানে।

এই স্বেচ্ছাসেবী সংগঠন গত ৪০ বছর ধরে সারা ভারতে শিশু অধিকার এবং সুরক্ষা নিয়ে কাজ করে চলেছে। ২০১৮ সালের ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে ইয়েলো ফেলো অভিযানের সূচনা করেছিল ক্রাই। এবার সেই উদ্যোগ দ্বিতীয় বছরে পড়ল। এবছর ১৪ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এক মাস ধরে চলল লাগাতার প্রচার। স্কুলপড়ুয়া কচিকাঁচারা হলুদ মোজা পরিধান করে নৃত্য, সংগীত এবং আরও নানা অনুষ্ঠানে মেতে উঠল।

এই প্রচারাভিযানের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে হলুদ মোজা। ক্রাইয়ের অন্যতম উদ্যোক্তা তনুশ্রী বসাক জানালেন, “হলুদ মোজা রঙিন শৈশবের উষ্ণতা, নিরাপত্তা, আনন্দ এবং স্বস্তির ইঙ্গিত দেয়। সেই কারণেই এটিকে বেছে নেওয়া হয়েছে। ক্রাই সংগঠনের লোগোতেও হলুদ রং ব্যবহৃত হয়। আমাদের উদ্যোগে সাড়া দিয়ে যাঁরা শিশুদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা সবাই ইয়েলো ফেলো। মীরের মতো শিল্পী, নোকিয়া, স্যামসাং, মাইক্রোসফটের মতো কর্পোরেট প্রতিষ্ঠান আমাদের উদ্যোগে সামিল হয়েছেন।”
