শিশুনাট্যমের বর্ষব্যাপী উৎসব শিলিগুড়িতে

এক হাজারেরও বেশি শিশুকে অনুষ্ঠানে সামিল করছেন তাঁরা এই উদ্যোগে

শিশুদের মধ্যে মানসিক, শারীরিক বিকাশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি, সমাজচেতনা সর্বোপরি জাতীয় সংহতির চেতনাবোধ তৈরি করতে আগামী এক বছর ধরে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে বিভিন্ন নাট্য ও সংস্কৃতি কর্মসূচি নেওয়া শুরু করল ‘শিশুনাট্যম’ নামে একটি সংস্থা। বুধবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে এই বর্ষব্যাপী নাট্য ও সংস্কৃতি উৎসবের সূচনা হল শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। শিশু নাট্যমের তরফে নাট্যকার দীপোজ্জ্বল চৌধুরী জানান, পঁচিশ বছর ধরে তাঁরা শিলিগুড়িতে শিশুদের নিয়ে কাজ করছেন। সারা বছর ধরে শিশুদের যুক্ত করে তাঁরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন উত্তরবঙ্গ জুড়ে। শিশু নাটকের ওপর কর্মশালা করছেন তাঁরা। নাটক প্রতিযোগিতাও করবেন। হবে শ্রুতিনাটক উৎসব। এক হাজারেরও বেশি শিশুকে এই সব অনুষ্ঠানে সামিল করছেন তাঁরা। হবে শিশু সাহিত্য বিষয়ক শিবিরও। বিভিন্ন ভাষার শিশু নাটক করা যায় কিনা, চিন্তাভাবনা শুরু হয়েছে তারও। শিশু চলচ্চিত্র উৎসব এবং চিত্রাঙ্কনের আয়োজন করছেন তারা। তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক জগদীশ রায়ের কথায়, শিশুদের মধ্যে নাটক ও সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়ুক এভাবেই।

Developed by DXDasia