এবার ঝাঁ-চকচকে পরিষেবা মিলবে সরকারি হাসপাতালেও

রোগীকে আরামদায়ক পরিষেবা দিতে রাজ্যজুড়ে চালু হবে উডবার্ন মডেল

নিম্নবিত্ত ও মধ্যবিত্ত নাগরিকদের যে অংশের সরকারি হাসপাতালের পরিবেশে সমস্যা হয়, আবার বেসরকারি হাসপাতালের খরচ বহনেও যারা অপারগ, তাদের জন্য রয়েছে সুখবর। এবার গোটা রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ এবং জেলাস্তরের হাসপাতালগুলিতে অল্প কিছু টাকার বিনিময়েই পাওয়া যাবে ঝাঁ চকচকে পরিষেবা।

সরকারি হাসপাতালগুলির আয় বাড়াতে সারা রাজ্যে বাজেট হাসপাতাল তৈরির কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেক্ষেত্রে মডেল হিসেবে মুখ্যমন্ত্রী বেছে নিয়েছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডকে। ১৬টি শয্যা নিয়ে পৌনে দু’কোটি টাকা রোজগার করা সম্ভব, তা প্রমাণ করেছে উডবার্ন ওয়ার্ড। তাই ‘ডক্টর্স ডে’-তে মুখ্যমন্ত্রী এই মডেলে সরকারি পরিষেবা গোটা রাজ্যে সম্প্রসারণের কথা জানিয়েছেন।

অল্প খরচে নার্সিংহোমের মতো পরিষেবা সরকারি হাসপাতালেও পাওয়া গেলে বড়ো বড়ো কর্পোরেট হাসপাতালগুলোও খরচ কমাতে বাধ্য হবে বলে স্বাস্থ্য দপ্তর মনে করছে। স্বাস্থ্যকর্তাদের মতে, চিকিৎসার ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিযোগিতা শুরু হলে আদতে সাধারণ মানুষেরই উপকার হবে। 

Developed by DXDasia