
শিশু ও মা দু’জনেই সুস্থ আছেন
বৃহস্পতিবার মাঝরাতে অ্যাপ ক্যাবে চড়ে হাসপাতালে যাচ্ছিলেন এক মহিলা। এরই মধ্যে প্রসবযন্ত্রণায় তিনি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। শেষ পর্যন্ত নিউটাউনের রাস্তায় চলন্ত ক্যাবের মধ্যেই তিনি সন্তানের জন্ম দিলেন।
জানা গেছে, সেই মহিলার নাম সোনি বেগম। থাকেন রায়গাছিতে। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি আরজি কর হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন। তবে পারিবারিক কিছু সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে দেরি হচ্ছিল তাঁর। অবশেষে কাল মধ্যরাতে দু’জন পরিজনকে নিয়ে অ্যাপ ক্যাপে চেপে রওনা দিয়েছিলেন আরজি করের উদ্দেশ্যে। এরই মধ্যে প্রসবযন্ত্রণা বাড়তে থাকে তাঁর। চিনার পার্ক পেরোনোর পর প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। ভোররাতে গাড়িতেই প্রসব করেন তিনি।
তখন চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালের সামনে গাড়ি থামে। নিরাপত্তারক্ষীদের থেকে খবর পেয়ে সেই হাসপাতাল কর্তৃপক্ষ শিশু ও তার মাকে ভিতরে নিয়ে যায়। শুরু হয় আপদকালীন চিকিৎসা। তারপর নির্বিঘ্নে মা ও শিশুকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সোনি বেগম এবং তাঁর সন্তান – দু’জনেই সুস্থ আছেন।
ছবি – প্রতীকী
