
আগে যারা গাছ কাটার পক্ষে ছিলেন, এখন তাঁরাও সমর্থন করছেন এই উদ্যোগ
নির্বিচারে গাছ কাটা প্রতিরোধ করতে অভিনব উদ্যোগ নিলেন দক্ষিণ দমদম পুরসভা এলাকার কালিন্দী হাউজিং এস্টেটের একদল বাসিন্দা। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তাঁরা গাছ বাঁচাতে একজোট হয়েছেন। এই কাজে তাঁদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসনও।
‘গাছ লাগান প্রাণ বাঁচান’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপটি বানানো হয়েছিল কয়েক মাস আগে। এখন তার সদস্য একশো ছুঁইছুঁই। আশেপাশে কোথাও গাছ কাটা হলে স্থানীয় মানুষরাই হোয়াটসঅ্যাপে তার খবর পাঠিয়ে দেন। আগে যারা গাছ কাটার পক্ষে ছিলেন, এখন তাঁরাও সমর্থন করছেন এই আন্দোলন। গাছ কাটা রুখতে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা প্রশাসনের কাছে পিটিশনও জমা দিয়েছেন।
গাছ কাটা তো আটকানো হচ্ছেই, পাশাপাশি চলছে নতুন চারাগাছ লাগানোর কাজ। প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার কমাতে ও জলদূষণ রুখতেও পরিকল্পনা করছেন গ্রুপের সদস্যরা। তাঁদের উৎসাহ জুগিয়েছেন স্থানীয় কাউন্সিলার মৃগাঙ্ক ভট্টাচার্য এবং কালিন্দী হাউজিং অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।
(ছবি-প্রতীকী)
