
দিনযাপনে বাছাই করা খবর
করোনা প্রতিরোধে রাজ্য সরকারের তৈরি মাস্ক আসছে চলতি সপ্তাহেই
রাজ্যে ইতিমধ্যেই থাবা বসিয়েছে করোনা। এই ভাইরাস রুখতে পারে এমন মাস্কের চাহিদা বাড়ছে, কিন্তু জোগান সেই তুলনায় যথেষ্ট নয়। এমন পরিস্থিতিতে দুই সরকারি সংস্থা তন্তুজ এবং বঙ্গশ্রীকে মাস্ক তৈরি করার নির্দেশ দিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। বঙ্গশ্রী ৫০ হাজার এবং তন্তুজ ১ লক্ষ মাস্ক তৈরি করবে। বঙ্গশ্রীর তৈরি মাস্ক বাজারে এসে যাবে চলতি সপ্তাহের মধ্যেই। আর তন্তুজ আগামী সপ্তাহের গোড়াতেই মাস্কের জোগান দেবে। প্রয়োজনে তন্তুজ আরও মাস্ক উৎপাদন করবে। তন্তুজ’র শো রুম থেকেই মাস্ক সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ। উন্নত গুণগত মানের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধ করতেও সক্ষম হবে সেগুলি। দামও হবে কম।

চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতার পাঠ দেওয়া হচ্ছে ডুয়ার্সে
করোনার মোকাবিলায় শ্রমিকদের সচেতন করার উদ্যোগ শুরু হল ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে। বুধবার জিতি এবং হোপ চা বাগান শ্রমিকদের সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হল। শ্রমিকদের কয়েকটি দলে ভাগ করে সাবান বিতরণ করা হল আমবাড়ি চা বাগানে। সরকারি নির্দেশিকা মেনে বেশ কয়েকটি বাগিচায় স্বাস্থ্য সচেতনতা নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে বাগান কর্তৃপক্ষ। বোঝানো হচ্ছে সঠিকভাবে হাত পরিষ্কার রাখার পদ্ধতি। এছাড়া, বাইরে থেকে ফেরা শ্রমিকদের স্ক্রিনিং টেস্ট করা শুরু হয়েছে স্থানীয় হাসপাতালগুলির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাহায্যে।

হ্যান্ড স্যানিটাইজার সহজলভ্য করতে উদ্যোগী হল বেশ কয়েকটি প্রতিষ্ঠান
বাজারে এখন হ্যান্ড স্যানিটাইজারের আকাল। এরই মধ্যে বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে এই জীবাণুনাশক জনসাধারণের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হল বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফার্মাসিউটিকস বিভাগ স্যানিটাইজার তৈরি করছে। সেগুলি তারা স্বল্পমূল্যে বাজারে পৌঁছে দিচ্ছে মুনাফা ছাড়াই। সুরেন্দ্রনাথ কলেজের রসায়ন বিভাগের ল্যাবরেটারিতেও হ্যান্ড স্যানিটাইজার বানানো হচ্ছে। সেগুলি বিনামূল্যে আশেপাশের আম-মানুষদের বিলি করা হবে। ইতিমধ্যেই ১০০ মিলিলিটারের ৫০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে ফেলেছে বাংলা সংস্কৃতি মঞ্চ। সেগুলি কলকাতা-সহ বাংলার নানা জেলার প্রান্তিক ও দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হবে। রাজ্য বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত ব্যান্ডেলের একদল যুবক নানা এলাকায় জনসচেতনতা শিবির আয়োজন করছেন। বাড়িতে সহজে হ্যান্ড স্যানিটাইজার বানানোর পাঠ দেওয়া চলছে ওই শিবিরগুলিতে। সোশ্যাল মিডিয়াতেও তাঁরা এই জীবাণুনাশক বানানোর রেসিপি বাতলে দিচ্ছেন।
