দূষণ রুখতে তারকেশ্বরে দুধপুকুরের জল শোধন করছে রাজ্য সরকার – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা খবর

দূষণ রুখতে তারকেশ্বরে দুধপুকুরের জল শোধন করছে রাজ্য সরকার

শিবভক্তদের কাছে তারকেশ্বরের দুধপুকুর খুবই পবিত্র। অথচ সেই বিশাল পুষ্করিণী বহু বছর ধরে দূষণের শিকার। এবার মুশকিল আসান করতে দুধপুকুরের জল শোধন করতে ১২ কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসাচ্ছে রাজ্য সরকার। কেএমডিএ-র তত্ত্বাবধানে এই প্রকল্প রূপায়নের দায়িত্ব তারকেশ্বর উন্নয়ন পর্ষদকে দেওয়া হয়েছে। অমৃতসরের স্বর্ণমন্দিরের পাশে যে জলাশয় আছে, সেখানেও এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে ওজোন ট্রিটমেন্ট করে জলে অক্সিজেনের পরিমাণ বাড়ানো হয়। দুধপুকুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর জন্য ইতিমধ্যেই ডিটেইলড প্রোজেক্ট রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষও ছাড়পত্র দিয়ে দিয়েছে। এবার অর্থদপ্তরের অনুমোদন মিললেই গ্লোবাল টেন্ডার ডাকা হবে।

ঋতুমতী মেয়েরা অশুচি নয়, পথে নামলেন অভিনেত্রী ঋতাভরী

বহুযুগ আগে ঋতুস্রাব বা মাসিক চলাকালীন সারদা দেবীকে ভবতারিণীর ভোগ রান্না করার অনুমতি দিয়েছিলেন পরমহংস শ্রীরামকৃষ্ণদেব। সেখানে আজকের দিনে দাঁড়িয়েও বহু মেয়ে ঋতুস্রাব চলাকালীন ঠাকুরঘরে প্রবেশ করতে পারেন না; কাউকে অনুমতি দেওয়া হয় না, আবার কেউ স্বেচ্ছায় ঠাকুরঘরে ধূপ-ধুনো জ্বালেন না। নারীদেহ শুচি কীনা – এই ট্যাবু যুগ যুগ ধরে চলে আসছে। এই জগদ্দল পাথর সরাতেই এবার পথে নামলেন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ টিম। প্রিয়া সিনেমা থেকে মোতিলাল নেহেরু রোডের ত্রিধারা সম্মিলনী ক্লাব অবধি এদিন মৌন মিছিলে অংশগ্রহণ করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, অভিনেত্রী সোমা মুখোপাধ্যায় এবং আরও অনেকে। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির মূল বিষয় মহিলা পৌরহিত্য এবং পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের ‘ডমিনেট’ করার নানান ফন্দিফিকির। এদিন মৌন মিছিলে অংশগ্রহণকারীরা সোচ্চার হলেন নারীদেহ অশুচি নয়, কোনও অবস্থাতেই নয়। সেখানে ঋতুস্রাব একটি স্বাভাবিক বিষয়। এদিন মিছিলের মধ্যমণি ঋতাভরী বলেন, “নারীকে শুধু শরীর হিসাবে দেখা বন্ধ হোক।” ছবি সৌজন্যে- উইন্ডোজ।

সমস্ত রেকর্ড ছাড়িয়ে ২৫ বছরে পা দিল দক্ষিণ খয়েরবাড়ির ‘রাজা’

বনদপ্তরের বিশেষজ্ঞরা বলেন, রয়্যাল বেঙ্গল টাইগারের সর্বাধিক আয়ু ১৮-১৯ বছর। কিন্তু দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের ‘রাজা’ এবার ২৫ বছরে পা দিল। বনদপ্তরের নথি অনুযায়ী দেশের আর কোথাও এত বছর বয়সী রয়্যাল বেঙ্গল টাইগার নেই। এ এক বিরল ঘটনা। রাজা ওখানকার পোশাকি নাম। ভালোবেসে তাকে সবাই রাজা বলেই ডাকে। কয়েকবছর আগে সুন্দরবনের মাতলা নদীতে রাজার একটি পা খুবলে নিয়েছিল কুমির। মরণাপন্ন রাজাকে আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছিল। তারপরেই তাকে স্থায়ীভাবে নিয়ে যাওয়া হয় দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। তার বয়সী অনেক বাঘ মারা গেলেও স্বমহিমায় দিব্যি আনন্দে আছে রাজা। তার ২৫তম জন্মদিনকে ‘সেলিব্রেট’ করছে বনদপ্তরের কর্মীরা। ছবি- প্রতীকী।

মাটি ছাড়াই ফুলকপি, টমেটো, ব্রকোলি, লেটুস, স্ট্রবেরি ফলছে এই বাংলাতেই

মাটি ছাড়াই ফুলকপি, টমেটো, ব্রকোলি, লেটুস, স্ট্রবেরির চাষ করে তাক লাগিয়ে দিচ্ছেন দক্ষিণ দিনাজপুরের মোমিন মিয়াঁ। পেশায় তিনি উদ্ভিদবিদ্যার শিক্ষক। ইউটিউব থেকে হাইড্রোপনিক সিস্টেমে চাষ করা শিখেছেন তিনি। এই পদ্ধতিতে মাটি ব্যবহার না করেই প্লাস্টিকের পাইপের মাধ্যমে জল দিয়ে ফসল ফলানো সম্ভব। স্বয়ংক্রিয় পদ্ধতিতে জলের সঙ্গে তরল সার মিশে যায়। তপন গ্রামের বাসিন্দা এই শিক্ষক দু’বছর ধরে সফলভাবে এই পদ্ধতির প্রয়োগ করে লাভের মুখ দেখছেন।
Developed by DXDasia