
রূপায়ণের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জলস্বপ্ন’ প্রকল্প
নির্বাচনের আগে গ্রামাঞ্চলের প্রতি বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি মতো চলতি আর্থিক বছরেই গ্রামাঞ্চলের ৮৪ লক্ষ বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছতে উদ্যোগী হয়েছেন তিনি।
রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য রূপরেখা তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায়ের বক্তব্য, ‘জলস্বপ্ন’ প্রকল্প রূপায়ণের কাজ শুরু হবে সেপ্তেম্বর থেকেই।
দপ্তরের খবর অনুযায়ী, এই মুহূর্তে গ্রামাঞ্চলে বাড়ি রয়েছে প্রায় এক কোটি তেষট্টি লক্ষ। এর মধ্যে ১৬ লক্ষ বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয়। এর বাইরেও গ্রামাঞ্চলের বহু এলাকায় নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহের প্রকল্প চালু রয়েছে। জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রীর কথায়, প্রকল্প সম্পন্ন হলে প্রাথমিক ভাবে গ্রামাঞ্চলের এক কোটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। এর পর ধাপে ধাপে বাকি ৬৩ লক্ষ বাড়িতেও পানীয় জলের লাইন পৌঁছে দেওয়া হবে। সেটা আগামী আর্থিক বছর থেকে শুরু হবে। তারও প্রকল্প তৈরির কাজ চলছে। কারণ মুখ্যমন্ত্রী চান সময়সীমা বেঁধে কাজ করতে।
