
শিক্ষা দপ্তরের নির্দেশ
রাজ্যের সব কটি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলকে তাদের নিজস্ব ওয়েবসাইট চালু করার নির্দেশ দিল শিক্ষা দপ্তর। শুধু তাই নয়, এই ওয়েবসাইট সংযুক্ত করতে হবে শিক্ষা দপ্তরের মূল ওয়েবসাইটে। রাজ্যের সব কটি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলকে এক ছাতার নিচে আনতে বিভিন্ন জেলার ডিআইদের মাধ্যমে স্কুলগুলোকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে।
শিক্ষা দপ্তরের ওয়েবসাইটের সঙ্গে স্কুলগুলির ওয়েবসাইট যুক্ত থাকলে সব স্কুলের যাবতীয় তথ্য এক নজরে দেখতে পাবে শিক্ষা দপ্তর। আবার শিক্ষা দপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সব কটি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলের প্রয়োজনীয় তথ্য। ডিআইদের মাধ্যমে পাঠানো গাইডলাইনে বলা হয়েছে, স্কুলের ইতিহাস, ক্যাম্পাসের বিবরণ, শিক্ষক-শিক্ষিকা সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করতে হবে ওয়েবসাইটে। তার সঙ্গে পড়ুয়াদের পোশাক, স্কুলের সময়, বার্ষিক ক্যালেন্ডার, ইত্যাদি বিষয়গুলিও নথিভুক্ত করতে হবে।
ওয়েবসাইটে জানাতে হবে স্কুলে কোনো প্রাক্তনী সংসদ আছে কিনা, স্কুল কোনো অনুদান নেয় কিনা, নিলে কীভাবে নেয়, ম্যানেজিং কমিটিতে কারা রয়েছেন তার বিবরণও। রাখতে হবে স্কুলের পরীক্ষাগুলির ফলাফল সংক্রান্ত সব তথ্যও।
