এবার স্কুলেই দেওয়া হবে জল সংরক্ষণের পাঠ

রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিনব উদ্যোগ

সারা দেশে ক্রমেই জলের সংকট প্রবল আকার নিচ্ছে। এরই মধ্যে নজিরবিহীন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের স্কুলগুলিতে এবার পড়ুয়াদের হাতেকলমে শেখানো হবে কীভাবে জল সংরক্ষণ করতে হয়। 

জল সংকট প্রতিরোধে ইতিমধ্যেই প্রতি বছর ১২ জুলাই ‘জল বাঁচাও দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকার থেকে গ্রহণ করা হয়েছে একাধিক কর্মসূচিও। তারই অঙ্গ হিসেবে স্কুলপাঠ্যে তৃতীয় শ্রেণির পড়ুয়াদের সিলেবাসে ‘জল সংরক্ষণ’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।

শুধু পুঁথিগত জ্ঞানই নয়, বছরে কমপক্ষে একবার গবেষণাগারে পানীয় জল পরীক্ষা করার পাঠ হাতেকলমে নেওয়ার সুযোগ থাকবে ছাত্রছাত্রীদের। পানীয় জলের অপচয় রোধ এবং বৃষ্টির জল সংরক্ষণের ওপর সিলেবাসে আলাদা গুরুত্ব দেওয়া হবে। শেখানো হবে, কীভাবে নিজের বাড়িতে বৃষ্টির জল ধরে রাখা সম্ভব। থাকছে পরীক্ষার ভিত্তিতে রিপোর্টের বন্দোবস্ত। পড়ুয়ারা জল সংকট প্রতিরোধে সক্রিয় হলে তাদের অভিভাবকরাও এই বিষয়ে সচেতন হবেন, সেটাই মনে করছেন শিক্ষাকর্তারা। 
 

Developed by DXDasia