কেমন ছিল ৪০০ বছর আগের চিৎপুর রোড? আজ হেঁটে দেখাবে কলকাতা

লিংকে ক্লিক করে জানুন আজ কোথায় কী

ইতিহাসের চিৎপুর রোড আজকের রবীন্দ্র সরণি। পুরোনো কলকাতার গা ঘেঁষে আজ হেঁটে দেখাবেন অমিতাভ গুপ্ত। অন্যদিকে উস্তাদ আলি আকবর খানকে স্মরণ করবে কলকাতা। পিপল’স ফিল্ম কালেক্টিভ শোনাবে ‘তাঁর গল্প’। 

•    ‘‘চিৎপুর পূজে রাজা সর্বমঙ্গলা।/নিশি দিশি বাহে ডিঙ্গা নাহি হেলা।/ …‘‘ত্বরায় চলিল তরি তিলেক না রয়/ চিত্রপুর সালিখা এড়াইয়া যায়।।’’ সপ্তদশ শতকে বাংলাকাব্যে চিৎপুর হয়তো প্রক্ষিপ্ত। কিন্তু ইতিহাসে প্রক্ষিপ্ত নয় গ্রাম চিত্তেশ্বরীপুর ওরফে চিত্রপুর বা চিৎপুর। ১৭৯২-৯৩ সালে তৈরি সাহেবের মানচিত্রে সাবেকি চিৎপুর গ্রাম থেকে কালীঘাট পর্যন্ত প্রসারিত রাস্তাকে বলা হয়েছে ‘রোড টু চিৎপুর’। অর্থাৎ চিৎপুর নামক গ্রামে যাবার রাস্তা। তারও আগে ইংরেজের তৈরি মানচিত্রে রয়েছে এই রাস্তা। চিৎপুর রোডের বর্তমান নাম রবীন্দ্র সরণি। ধনীদের পাশাপাশি এই অঞ্চলে বহু সাধারণ ব্যবসায়ীর বাস ছিল। বাংলা পঞ্জিকা ছাপা হত এখানেই। এটিই ছিল বটতলা বইবাজারের মূল কেন্দ্র। চিৎপুর রোডের সঙ্গে যুক্ত অনেক কিছুই কলকাতার বাঙালি জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে আছে – পান, আড্ডা, যাত্রা ও বিবাহ উৎসবে ‘হি ইজ আ জলি গুড ফেলো’ গাওয়া ব্রাস ব্যান্ডের কেন্দ্র ছিল এই রাস্তা। এই রাস্তার অতীত এবং বর্তমান নিয়ে আজ শোভাবাজার অঞ্চলে হেরিটেজ ওয়াক করবেন ভ্রমণ সাহিত্যিক এবং ব্লগার অমিতাভ গুপ্ত। ইতিমধ্যেই হাঁটা শুরু হয়ে গেছে, চলবে সকাল ১০-৩০টা পর্যন্ত। 

•    ১৯২২ সালের ১৪ এপ্রিল, ঠিক ৯৮ বছর আগে জন্মগ্রহণ করেন মাইহার ও রামপুর ঘরানার স্বরসম্রাট উস্তাদ আলি আকবর খান। তাঁর বিপুল কর্মকাণ্ডকে ট্রিবিউট জানাতে আজ কলকাতায় আশিস খান স্কুল অফ ওয়ার্ল্ড মিউজিক আয়োজন করছে ভারতীয় রাগ সংগীতের অনুষ্ঠান। রানীকুঠিতে, আজ দুপুর ২টো থেকে রাত ১০টা অবধি অনুষ্ঠান চলবে। প্রবেশ অবাধ। 


•    হিডকো (HIDCO) নিবেদন করছে ‘শঙ্খমালা’র সবচেয়ে জনপ্রিয় থিয়েটার প্রযোজনা ‘জলস্রোত কথা কয়’। কলকাতার ইতিহাসের উপর নির্মিত এই নাটক নির্দেশনা দিয়েছেন সুমন্ত্র সেনগুপ্ত। আজ নিউটাউনের রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে, সন্ধে ৬টায়। প্রবেশ অবাধ। 

•    বসন্তের বার্তা নিয়ে হাজির ‘স্প্রিং ফটো-ওয়াক ২০২০’। কলকাতাকে নতুন ফ্রেমের চোখে খুঁজতে চাইলে ফটো-ওয়াকের এই অনুষ্ঠানে সামিল হতে হবে। রেজিস্ট্রেশন ফ্রি। ধর্মতলার এলিট সিনেমা হলে আজ দুপুর ২-৩০টে থেকে বিকেল ৫-৩০টা।

•   পিপল’স ফিল্ম কালেক্টিভ নিবেদন করছে ‘তাঁর গল্প’ (Her Stories)। মহিলাদের অকথিত ইতিহাসের গল্প নিয়ে কথা বলবেন উমা চক্রবর্তী। তারপর প্রদর্শিত হবে তাঁরই পরিচালিত ৪৮ মিনিটের ছবি ‘ ইন দ্য কোর্ট অফ দ্য পিপল’ (In The Court Of The People)। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে, বিকেল ৫টা থেকে।

 

Developed by DXDasia