
অনলাইনে অগ্রিম টিকিট বুকিং-এর টাকায় শেষ হবে সিনেমার কাজ
বাংলা সিনেমার ইতিহাসে এমনটা কখনো হয়নি। প্রথমত, একটা গোটা গ্রাম সিনেমার প্রযোজক। তার সঙ্গে সিনেমা শেষ হওয়ার আগেই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা। যাতে সেই টিকিট বিক্রির টাকাতে শেষ হতে পারে সিনেমা তৈরির কাজ। অর্থাৎ, অগ্রিম টিকিট-কাটা দর্শকরাও আসলে এই সিনেমার সহ-প্রযোজক। বড়ো ব্যানারের বাইরে স্বাধীনভাবে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে সিনেমা তৈরির নজির একাধিক রয়েছে। কিন্তু, এমনভাবে ছবি তৈরি আগে হয়নি বলেই দাবি ‘দুধ পিঠের গাছ’ সিনেমার গোটা টিমের।
অনলাইন টিকিট দেখতে এমনটাই
পরিচালক উজ্জ্বল বসু নিজে নদিয়ার আড়ংঘাটার মানুষ। তাঁর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন গ্রামের অনেকেই। ৯২০ জন মিলে তুলে দিয়েছেন মোট ১৯ লক্ষ টাকা। ভারতের ছবি তৈরির ইতিহাসে এও এক নতুন নজির। সঙ্গে দেশের নানা প্রান্ত থেকে ৩৭ জন মিলে সাহায্য করেছিলেন ১ লক্ষ টাকা। ২০ লক্ষ টাকায় শেষ হয়েছে শ্যুটিং পর্ব। কিন্তু, পোস্ট প্রোডাকশনের জন্য প্রয়োজন আরো ১০-১২ লক্ষ টাকা। সেই টাকা সংগ্রহের জন্যই অভিনব মডেল বেছে নিয়েছেন উজ্জ্বল বসু-সহ ‘দুধ পিঠের গাছ’ সিনেমার নির্মাতারা। ঠিক হয়েছে অনলাইনে অগ্রিম টিকিট বুকিং শুরু হবে। সেই টিকিটের টাকাতেই চলবে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ।
হঠাৎ অনলাইনে অগ্রিম টিকিট বুকিং-ই কেন? পরিচালক উজ্জ্বল বসু জানাচ্ছেন, “চাইলে অন্য কোনো জায়গা থেকে ধার নিয়েও ছবির কাজ শেষ করা যেত। কিন্তু, এই গোটা ছবিটাই তো অন্যভাবে তৈরি করছি আমরা। একটা গোটা গ্রামের মানুষ এগিয়ে এসেছেন। আমরা চাই এভাবেই অনেকের সাহচর্যে ছবির কাজ শেষ হোক। তাই, অগ্রিম টিকিট বুকিং-এর ভাবনা।”
ক্যাফে কবিরায় খুদে অভিনেতার সঙ্গে পরিচালক ও চিত্রগ্রাহক
অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। একটি টিকিটের মূল্য ২০০ টাকা। টিকিট-পিছু দুজন দেখতে পারবেন সিনেমা। রিলিজের পর নিকটস্থ প্রেক্ষাগৃহে গিয়েই ছবি দেখা যাবে। কোনো সমস্যা হলে অবশ্যই স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা হবে বলেও জানিয়েছেন পরিচালক। তবে, এই অগ্রিম বুকিং কেবলমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ। আর অনলাইনে টিকিট বুকিং চলবে মাত্র ১৫ দিন। ১১ এপ্রিল পর্যন্ত।
'দুধ পিঠের গাছ'-এ অর্থসাহায্যের জন্য আবেদন
গতকাল যাদবপুরের ‘ক্যাফে কবিরায়’ এই অগ্রিম অনলাইন টিকিট বুকিং-এর আনুষ্ঠানিক ঘোষণা করেন পরিচালক উজ্জ্বল বসু। উপস্থিত ছিলেন ছবির সম্পাদক অনির্বাণ মাইতি, চিত্রগ্রাহক শান্তনু ব্যানার্জী, অভিনেতা কৌশিক রায় প্রমুখ। আড়ংঘাটা থেকেও এসেছিলেন কয়েকজন। তবে, সবারই নজর ছিল এই ছবির প্রধান অভিনেতা ছোট্ট হর্ষিল দাসের দিকে। গৌর চরিত্রে অভিনয় করেছে সে। ইতিমধ্যে সে অভিনয় করেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘নগরকীর্তন’-এর মতো সিনেমাতেও।
অগ্রিম টিকিট কাটতে চাইলে ক্লিক করুন ‘দুধ পিঠের গাছ’-এ।
