রাষ্ট্রসংঘের শিরোপা নিয়ে ‘সবুজ সাথী’-র বাজিমাত

একই সঙ্গে আন্তর্জাতিক পুরস্কারের দাবিদার ‘উৎকর্ষ বাংলা’

রাষ্ট্রসংঘের ‘চ্যাম্পিয়ান প্রোজেক্ট’-এর শিরোপা পেল ‘সবুজ সাথী’। রাষ্ট্রসংঘের বিশেষ পুরস্কার প্রাপকের তালিকায় ‘উৎকর্ষ বাংলা’-র প্রথম পাঁচে থাকার কথা মঙ্গলবারই জানা গিয়েছিল। বুধবার রাষ্ট্রসংঘ ঘোষণা করেছে, ই-গভর্নমেন্ট সংক্রান্ত সারা বিশ্বের ১,১৪০টি প্রকল্পের মধ্যে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ‘সবুজ সাথী’। 

প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান ঘটানোর লক্ষ্যে 'উৎকর্ষ বাংলা' প্রকল্পটি চালু করেছিল রাজ্য সরকার। জানা গেছে, 'উৎকর্ষ বাংলা' প্রকল্পের আওতায় ভোকেশনাল ও কারিগরি শিক্ষার প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান হয়েছে প্রায় সাড়ে সাত হাজার বেকার যুবক-যুবতির। অন্যদিকে,  'সবুজ সাথী' প্রকল্পের মাধ্যমে নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য সাইকেল প্রদান করে রাজ্য সরকার। 

২০০৩ সাল থেকে প্রতিযোগিতামূলক পুরস্কার শুরু করেছে রাষ্ট্রসংঘের সংস্থা ITU। এর আগে রাষ্ট্রসংঘ থেকে 'কন্যাশ্রী' প্রকল্পের জন্য স্বীকৃতি পেয়েছিল পশ্চিমবঙ্গ। এবছর ১৮টি ক্যাটাগরিতে গোটা বিশ্ব থেকে ITU-তে অসংখ্য মনোনয়ন জমা পড়েছে। অনলাইনে ভোট দিয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। সেই ভোট অনুযায়ী প্রথম পাঁচেই স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গের এই দুই প্রকল্প।  ৯ এপ্রিল জেনিভায় হবে সম্মান প্রদান অনুষ্ঠান।  কন্যাশ্রী প্রকল্পের পর রাজ্য সরকারের এই দুই প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলার মুকুটে নয়া পালক জুড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Developed by DXDasia