
অভিনব উদ্যোগ নিলেন দুই কলকাতাবাসী
শুভ সূচনার শুরু। চারদিকটা পাল্টে পাল্টে যাচ্ছে মনে হচ্ছে? মনে হওয়াটা খুব একটা অস্বাভাবিক না। কিন্তু সবটাকে নেতি অর্থে নেবেন না, কিছু ইতিবাচক এবং সদর্থক দিককে প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক কর্তব্য। নাহলে তো পৃথিবী থেকে মানুষ হারিয়ে যেত, ভালোবাসা হারিয়ে যেত। কলকাতার ছেলে শোভন মুখোপাধ্যায়, যিনি এখনও পর্যন্ত বাংলার একমাত্র প্যাডম্যান হিসাবে স্বীকৃত। মহিলাদের জন্য নিজের হাতে স্যানিটারি ন্যাপকিন বানিয়ে ছড়িয়ে দিয়েছেন শহরের বহু শৌচালয়ে। বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ঘুরে বেরিয়েছেন গ্রাম থেকে মফস্সল। শুধু মহিলাই নয়, রূপান্তরকামী মহিলাদের জন্যও প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার তাঁর সঙ্গে যুক্ত হলেন আরেক কলকাতা কন্যা। রূপা চৌধুরী, কলকাতার প্রথম মহিলা বাইক ক্যাব চালক। দুজন মিলে শুরু করলেন নতুন একটি ক্যাম্পেন। রূপার বাইকে চড়লেন শোভন, আর ব্যানার হাতে প্রচার করলেন, “ঋতুস্রাবে সুস্থ থাকতে স্যানিটারি প্যাড ব্যবহার করুন/ বিপদ থেকে বাঁচতে বাইকে বসেই হেলমেট পড়ুন”। নিচে ইংরেজিতে লেখা ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’।

বাংলার দুই গর্ব যখন একসঙ্গে, তখন অন্যরকমের কোনো কাজ দেখার জন্য অপেক্ষা করছে তামাম বঙ্গবাসী। শোভন মুখোপাধ্যায় এবং রূপা চৌধুরীকে স্বাগত জানাচ্ছে কলকাতাবাসী।
