
জল সংরক্ষণের জন্যই এই আরবান ফরেস্ট করার সিদ্ধান্ত
আবার গাছ লাগানোর উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বন দপ্তর। কলকাতার ইকো পার্কের পর এবার বিশাল অরণ্য তৈরি করা হবে নিউটাউনে। ইতিমধ্যেই বন বিভাগের কর্মীরা নিউটাউনের বিভিন্ন জায়গা পরিদর্শন করে গেছেন। নিউটাউন বলতেই ঝাঁ চকচকে আবাসনের কথাই মাথায় আসে। এবার সেখানকার ফাঁকা জায়গা বিচার করে তৈরি করা হবে ‘আরবান ফরেস্ট’। মূলত জল সংরক্ষণ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য অ্যাকশন এরিয়া ১-এ ৯ বিঘা জায়গা চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল, এই অরণ্যে বসানো হবে প্রচুর পরিমাণে রাবার গাছ। এছাড়াও অন্যান্য গাছও ধীরে ধীরে লাগানো হবে।
অন্যদিকে, নিউটাউনের বাসিন্দারা যাতে বর্জ্য আলাদা আলাদা বালতিতে ভরে দিতে উৎসাহিত হন সেজন্য সচেতনতা বাড়াতে লটারির কথা ঘোষণা করেছে এনকেডিএ। যাঁরা বর্জ্য আলাদা আলাদা ভাবে দেবেন তাঁদের নাম রেজিস্টারড করা থাকবে। তাঁদের মধ্যে লটারি হবে। তাঁদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে। এহেন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে কলকাতার নাগরিক।
