
বহু বছর পর রাজ চক্রবর্তীর ছবিতে ফিরছেন ঋত্বিক চক্রবর্তী
জামাইষষ্ঠীর সকালেই প্রকাশিত হল রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি ‘পরিণীতা’-র ফার্স্টলুক। প্রকাশ্যে এল ছবির পোস্টার। পরিণীতা- এই নামটা আমাদের সকলেরই খুব পরিচিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস, যা ঘরে ঘরে সমাদৃত। এর আগে ১৯৬৯ সালে অজয় কর পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়, মৌসুমী চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ অভিনীত একটি বাংলা ছবি তৈরি হয়েছিল এই উপন্যাসকে ঘিরে। তারপর ২০০৫ সালে প্রদীপ সরকার এই উপন্যাসকে ঘিরে হিন্দি ছবি বানান। অভিনয়ে ছিলেন সঞ্জয় দত্ত, বিদ্যা বালান, সেইফ আলি খান।
তবে রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’র সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনও যোগাযোগ নেই। নিজের মতো চিত্রনাট্য সাজিয়েছেন রাজ। ‘পরিণীতা’, আদ্যপান্ত একটি প্রেমের ছবি বলেই ঠাওর করা হচ্ছে। শুভশ্রী ও ঋত্বিক ছাড়াও ছবিতে দেখা যাবে আদৃতকে। বিয়ের পর এই প্রথমবার প্রধান চরিত্রে কামব্যাক করছেন শুভশ্রী। অন্যদিকে বহু বছর পর রাজ চক্রবর্তীর ছবিতে ফিরছেন ঋত্বিক চক্রবর্তী। এর আগে ‘লে ছক্কা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সব ঠিক থাকলে অগাস্টেই মুক্তি পাবে ‘পরিণীতা’।
