এই ‘পার্সেল’ থেকে কী বেরিয়ে আসবে?

‘পিউপা’ খ্যাত পরিচালক ইন্দ্রাশিস আচার্যের আগামী ছবি ‘পার্সেল’

‘বিলু রাক্ষস’ এবং ‘পিউপা’ খ্যাত পরিচালক ইন্দ্রাশিস আচার্য ইতিমধ্যেই দর্শক এবং সমালোচকদের নজর কেড়েছেন। এবার প্রকাশিত হল তাঁর পরবর্তী ছবি ‘পার্সেল’-এর ফার্স্টলুক। সঙ্গে দেখা গেল দুর্দান্ত একটি পোস্টার। বানিয়েছেন রৌদ্র মিত্র। এ-ও জানা গেল ছবিটি নিবেদন করছেন কৃষ্ণ কয়াল এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত স্বয়ং। এই ছবিতে আবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে। এই ছবি মূলত সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী।সম্পর্কের চোরা বাঁক এবং মানসিক টানাপড়েনে জর্জরিত এক মহিলার চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ‘একটি পার্সেলকে কেন্দ্র করেই ছবি শুরু হবে৷ প্রথম দৃশ্যেই দেখা যাবে একজন গৃহবধূ দরজা খুলে অপরিচিত ব্যক্তির হাত থেকে একটি পার্সেল নিচ্ছেন৷ তারপর ওই পার্সেলকে কেন্দ্র করেই এগোবে গল্প৷ ‘ভয়’ নামক শব্দটি একটি সম্পর্কে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য৷ এই ছবির সংগীত পরিচালনা করছেন জয় সরকার। অভিনয়ে দেখা যাবে দামিনী বেণী বসু, অম্বরীশ ভট্টাচার্য এবং শ্রীলা মজুমদার।

Developed by DXDasia