শরৎচন্দ্রের ‘দত্তা’ উপন্যাসের শতবর্ষ উদযাপন, বিজয়ার চরিত্রে ঋতুপর্ণা

পরিচালক নির্মল চক্রবর্তীর এটিই প্রথম ছবি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাড়াজাগানো উপন্যাস ‘দত্তা’র ১০০ বছর পূর্ণ হল। সেই উপন্যাসের শতবর্ষ উদযাপনে পরিচালক নির্মল চক্রবর্তী শুরু করলেন ‘দত্তা’ ছবির শুটিং। শুটিং লোকেশন শান্তিনিকেতন। দত্তা’র প্রধান চরিত্র বিজয়ার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এর আগে ১৯৭৬ সালে শরৎচন্দ্রের ‘দত্তা’ উপন্যাসের ভিত্তিতে ছবি বানিয়েছিলেন পরিচালক অজয় কর। সেই ছবিতে বিজয়ার চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। এছাড়াও নরেনের চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বিলাসের চরিত্রে শমিত ভঞ্জ। নির্মল চক্রবর্তীর ছবিতে নরেন এবং বিলাসের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে জয় সেনগুপ্ত এবং ফিরদৌস আহমেদকে। পরিচালক নির্মল চক্রবর্তী নাকি অনেকদিন ধরেই চাইছিলেন সাহিত্যধর্মী ছবি করতে। আর এবার দত্তা’র ১০০ বছরও হল। সেই সময়কার প্রেক্ষাপটে বিজয়া বেশ বলিষ্ঠ এবং প্রতিবাদী নারীচরিত্র। ঋতুপর্ণা সেনগুপ্ত এই চরিত্রেই এবার অন্য মেজাজে।

বলা হয়, চলচ্চিত্র নির্মাণের জন্য সবরকম উপাদান থাকে একমাত্র শরৎচন্দ্রের লেখায়। বারবার কলকাতা থেকে মুম্বাই- পরিচালকরা ছুটে গেছেন শরৎচন্দ্রে। দেবদাস, গৃহদাহ, পরিণীতা, পথের দাবি বা শ্রীকান্ত- যাই হোক না কেন। এবার দত্তা নতুন ম্যাজিক দেখাবে বলেই আশাবাদী পরিচালক থেকে ছবির কলাকুশলীরা।

Developed by DXDasia