
অন্তত দু’টো গাছ লাগাতে হবে নিজের বাড়িতে
পৃথিবী থেকে যত মুছে যাচ্ছে সবুজের স্তর, ততই দ্রুত গতিতে বিষিয়ে উঠছে জল, বাতাস, মাটি এবং চারপাশের সব কিছু। একদিকে যেমন রয়েছে অনিয়ন্ত্রিত পরিবেশ দূষণ, অন্যদিকে ধ্বংসের থেকে মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে আবার নেওয়া হচ্ছে নানা ইতিবাচক উদ্যোগ। পরিবেশ রক্ষায় সেরকমই এক অভিনব পদক্ষেপ গ্রহণ করে নজির গড়ল এই দেশেরই এক পুরসভা কর্তৃপক্ষ।
‘ঈশ্বরের আপন দেশ’ কেরলের কোদুঙ্গালুর পুরসভা ঘোষণা করেছে, বাড়িতে কম করে দু’টো গাছ না লাগালে সেই বাড়ির রেজিস্টি করবে না পুরসভা। তাও আবার ছোটো গাছ নয়, শিরিষ, ছাতিম, সেগুনের মতো বড়ো গাছ লাগাতে হবে। দায়সারাভাবে চারা লাগালেই কাজ শেষ নয়, নিয়মিত যত্ন করতে হবে তাকে। পুরসভার আধিকারিকরা বাড়ি এসে দেখে যাবেন, তারপরেই মিলবে বাড়ির রেজিস্ট্রি। অবশ্য যে সব বাড়ি ১৫০০ বর্গফুট বা তার বেশি জায়গা জুড়ে আছে, সেসব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
কোদুঙ্গালুর পুরসভার এই উদ্যোগে ধন্য ধন্য করছে গোটা দেশ। আমাদের রাজ্যেও একাধিক পুরসভা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করুক, সেরকমই চাইছেন নাগরিক সমাজের একটা বড়ো অংশ।
