
রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে মুর্শিদাবাদ জাফরাগঞ্জ আখড়া
রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে মুর্শিদাবাদ জাফরাগঞ্জ আখড়া। নসিপুর আখড়ার এই প্রাচীন রথযাত্রা ২৫০ বছরে পা দিচ্ছে। রুপোর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখতে ভিড় করেন গোটা মুর্শিদাবাদ জেলা। আনুমানিক ১৭৬০ সালে মোহন্ত লছমনদাস আচারি জাফরাগঞ্জ আখড়ার প্রতিষ্ঠা করেন। তবে আখড়ায় রথযাত্রা উৎসব শুরু হয় পরবর্তী মোহন্ত চতুর্ভুজদাস আচারির সময়ে। তিনি সর্বপ্রথম দু’টি কাঠের রথ তৈরি করে রথযাত্রা উৎসব শুরু করেন। এখন রথযাত্রা উপলক্ষে সাতদিন ধরে গ্রামীণ মেলা না বসলেও রথ ও উল্টোরথের দু’দিন মেলা বসে।
আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেবের স্নানযাত্রার মধ্যে দিয়ে আখড়ার রথযাত্রা উৎসব শুরু হয়। আখড়ায় রাখা দু’টি কাঠের ও পিতলের রথের মেরামতি ও মাজা-ঘষার কাজ চলে। স্নানযাত্রার পরে ১০-১২ দিন ধরে তেঁতুল, লেবু ও ছাই দিয়ে মেজে চকচকে করে তোলা হয় পিতলের রথ দু’টি। চাকা লাগানো লোহার পাটাতনের উপর প্রায় ১০ ফুট উচ্চতার রুপোর রথটি বসানো থাকে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে রুপোর রথ নামে রাস্তায়।
