
কলকাতার শিশির মঞ্চে উদযাপন হবে জন্মদিনের প্রথম পর্ব
১৯৯৯ সালে যাত্রা শুরু করে বাংলা লোকগানের দল ‘দোহার’। দোহার-এর নামকরণ করেন দলের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভীক মজুমদার। এই দলে সাধারণত কোরাসে গান-বাজনা হয় এবং কেউই পুরোপুরি লোকসঙ্গীতের শিল্পী নন, তাই দোহার নামটাকেই যথোপযুক্ত মনে করেন। আজ থেকে প্রায় কুড়ি বছর আগে ১৯৯৯ সালে একটি গানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথচলা শুরু করে দোহার। ২০০১ সালে প্রথম ডাক পড়ে একটি ক্যাসেট কোম্পানি থেকে। দোহারের প্রথম অ্যালবাম ‘বন্ধুর দেশে’ তৈরি হয়েছিল লালন ফকির, শাহ আবদুল করিম, হাসন রাজা প্রমুখের মোট ন’টা গান নিয়ে। প্রথম অ্যালবাম প্রকাশের পরেই বেড়ে গিয়েছিল জনপ্রিয়তা। তারপর এক এক করে প্রকাশিত হয়েছে ‘বাংলার গান শিকড়ের টান’, ‘রূপসাগরে’, ‘মাটিস্বর’, ‘সহস্র দোতারা’ ইত্যাদি অ্যালবাম।
কালিকাপ্রসাদ, রাজীব, মৃগনাভি, ঋত্বিক, নিরঞ্জন, সত্যজিৎ, অমিত, সৌম্যদের নিয়ে বাংলা লোকগানের একটি জমজমাট দল দোহার। যাঁরা তৈরি করতে পেরেছিলেন বাংলা গানের নতুন শ্রোতা। মাঝখান থেকে চলে গিয়েছেন দলের অন্যতম প্রধান সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ২০১৭ সালের ৭ মার্চ একটি ভয়াবহ পথ-দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। কিন্তু বাংলা লোকগানের শ্রোতা ভোলেননি তাঁকে। তিনি আছেন, দোহার পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যেই আছেন। ২০১৯ সালের ৭ অগাস্ট দোহার কুড়ি বছর পূর্ণ করবে। উপস্থিত থাকবেন পরিবারের সকলেই।

এদিন কলকাতার শিশির মঞ্চে উদযাপন হবে জন্মদিনের প্রথম পর্ব। যে অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘বাংলার মুখ’। একটি উৎসব-পরবের গীতি-কথা। টিকিট এখন থেকেই পাওয়া যাচ্ছে। আগ্রহীরা অবশ্যই সংগ্রহ করুন।
