
হামবুর্গে বৈঠক ট্রাম্প এবং পুতিনের
মুখোমুখি বসতে চলেছেন ট্রাম্প এবং পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বৈঠক হবে আগামী সপ্তাহে। দুই রাষ্ট্রনেতার প্রথমবারের মতো এই বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। জার্মানিতে আগামী সপ্তাহে একটি সম্মেলনে এই দুই নেতা প্রথম পরস্পরের মুখোমুখি হবেন। হোয়াইট হাউস ও ক্রেমলিন জানিয়েছে, আগামী ৭-৮ জুলাই হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলন বসছে। এই সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। নির্বাচনী প্রচার চলাকালে রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। পুতিনও ট্রাম্পের প্রশংসা করেন। ট্রাম্পকে জয়ী করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ আছে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে অস্বস্তিতে আছেন ট্রাম্পও। ঠিক এমন সময় এই বৈঠকটি হতে যাচ্ছে।
