গাছের স্বার্থেই গাছ বাঁচানোর উদ্যোগ যুবকদের

বছরখানেক ধরে নিজের বাড়িতে বড় করে চারাগুলিকে রোপণ করা হল মাঠে

শুধু গাছ লাগানোই নয়, গাছ বাঁচানোও সমান গুরুত্বপূর্ণ। এমনই বিশ্বাস তাঁদের। শহর ও মফঃস্বলের বিভিন্ন জায়গা থেকে রাস্তার ধারে অনাদরে পড়ে থাকা গাছের চারা সংগ্রহ করেছিলেন তাঁরা। নিজেদের বাড়িতে এনে পোঁতার পর, গাছগুলি খানিক বড় হলে, পরিকল্পনা ছিল খোলামেলা কোনও জায়গায় সেগুলিকে রোপণ করা। সায়ন্তন সাহা ও বিবেক ভট্টাচার্য। মূলত এই দুই যুবকের উদ্যোগ ও পরিশ্রমেই, বুধবার সকালে বেলঘরিয়ার শ্রীপল্লি মিলন সমিতির মাঠে রোপণ করা হল ছাতিম, তেঁতুল, কামিনী, জাম প্রভৃতি গাছের চারা। যুবকদের এই উদ্যোগে হাত মেলাতে এগিয়ে আসেন স্থানীয় উৎসাহী ব্যক্তিরাও।

সায়ন্তন ও বিবেকের বক্তব্য অনুযায়ী, সৌন্দর্য ও পরিবেশ রক্ষার জন্য তো বটেই, শুধুমাত্র গাছগুলির স্বার্থেও দরকার ছিল এই প্রতিস্থাপনের। কোনও চারা ড্রেনের ধারে বেড়ে উঠছিল অনাদরে, কোনওটি বা আগাছার মধ্যে হারিয়ে বসেছিল নিজেকে। সেখানে থাকলে অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণেই তাঁরা চারাগুলিকে খুঁজে খুঁজে প্রায় বছরখানেক ধরে নিজেদের বাড়িতে বড় করে তুলে বর্ষায় রোপণ করলেন মাঠে। বেড়া দিয়ে ঘিরেও দেওয়া হল চারাগুলিকে। পাশাপাশি, এ-বছরও বিভিন্ন জায়গা থেকে অবহেলায় পড়ে থাকা গাছের চারা সংগ্রহ করে পরের বর্ষায় রোপণ করা হবে, জানান ওই যুবকেরা।

Developed by DXDasia