
প্রত্যেক বছর মনসা পুজো উপলক্ষ্যে গাছ মেলা চলে সাত দিন
মেলায় যোগ দিলে কিনতেই হবে দু’টি গাছ। পূর্বস্থলীর গাছ মেলার এটাই শর্ত। পূর্বস্থলীর নার্সারিগুলোতে প্রচুর চারাগাছ তৈরি হয়। সেই চারাগাছ পাড়ি দেয় ওড়িশা, বিহার অসমেও।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার ভাণ্ডারটিকুরি রেলস্টেশনের কাছে রয়েছে দেবী ব্রহ্মাণীর মন্দির। সেখানেই প্রত্যেক বছর মনসা পুজো উপলক্ষ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, আমলকির মতো নানান গাছের পসরা সাজিয়ে বসেন স্থানীয় মানুষরা। বিক্রি হয় ফুলের চারাও। শ্রাবণ সংক্রান্তির থেকে সাত দিন এই মেলা চলে। ১৮১৯ সালে সমাচার দর্পণেও প্রকাশিত হয়েছিল এই গাছ মেলার খবর। আশেপাশের জেলা থেকে লাখ লাখ মানুষ এই মেলায় ভিড় করেন। পূর্বস্থলী এলাকায় বিকল্প রোজগার হিসেবে গাছের নার্সারির ব্যবসা সব থেকে লাভজনক।
স্থানীয় মানুষের বিশ্বাস, বাণিজ্যে যাওয়ার পথে চাঁদ সওদাগর এখানে দিশারী মা নামের এক দেবীকে পুজো করেছিলেন। এখানেই রয়েছে কালীদহ। বেহুলা ভেলায় চড়ে গিয়েছিলেন এখানকার নদীপথ দিয়েই। জনশ্রুতি অনুযায়ী, চাঁদ সওদাগরের আমল থেকেই এখানে মেলা বসছে। অনেক আগে এই মেলায় পণ্ডিতদের বিতর্কসভা বসত।
ছবি-প্রতীকী
