জলের অপচয় রুখতে ধান চাষে নতুন দিশা আনল পূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানে ধানের চারা বানানোর কারখানা চালু করল কৃষি দপ্তর

অভিনব পদ্ধতি ব্যবহার করে কৃষকরা ধান চাষ শুরু করলেন পূর্ব বর্ধমানে। এতে জল অনেক কম লাগে, চাষের খরচ কমে যায় অনেকটাই। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বাড়তি রোজগারের সুযোগ পাচ্ছেন এই বন্দোবস্তে। 

ধান চাষের সময়ে জলের ব্যবহার কমানোর এটাই সবথেকে ভালো উপায় হল ট্রে পদ্ধতি। উত্তরবঙ্গের পর এবার পূর্ব বর্ধমান জেলাতেও এটি চালু হল। এই জেলায় ‘আত্মা’ প্রকল্পের মাধ্যে ধানের চারা বানানোর কারখানা গড়ে দিল কৃষি দপ্তর। ফাইবার অথবা প্লাস্টিকের ট্রে করে ধানের চারা তৈরি করা হয় এই কারখানাগুলোতে। পূর্ব বর্ধমানের প্রতিটি ব্লকে কমপক্ষে ২০টি করে প্রদর্শনক্ষেত্র গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আমাদের রাজ্যে ট্রে পদ্ধতিতে ধানের চারা উৎপাদন প্রথম শুরু করেছিল উত্তরবঙ্গের সতীশ সাতমাইল ক্লাব। পূর্ব বর্ধমানের নরেন্দ্রপুরে সেই ক্লাব থেকে প্রশিক্ষকরা এসে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতেকলমে চারা বানানো শেখাচ্ছেন। এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই কারখানায় ধানের চারা বানাচ্ছেন। 
 

Developed by DXDasia