
দেশের প্রথম ট্রাম লাইব্রেরি কলকাতায়
করোনা পরিস্থিতির মধ্যেই নতুন ইতিহাসের সাক্ষী থাকছেন কলকাতাবাসী। আজ মহানগরে চালু হচ্ছে দেশের প্রথম ট্রাম লাইব্রেরি।
পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের উদ্যোগে শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে এই ট্রাম চলবে। বইপাড়া কলেজ স্ট্রিটের ওপর দিয়ে যাবে এটি। পথে পড়বে বেশ কিছু স্কুল-কলেজ। কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও পড়বে। ট্রামে থাকছে নানা ধরনের বই। বিভিন্ন উপন্যাস, এমনকি আইপিএস, আইএএস, ডব্লিউবিসিএস-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার বই থাকবে। ওয়াই-ফাই এবং ই-বুক পড়ার সুবিধাও মিলবে।
বই প্রকাশ তো বটেই, নানা অনুষ্ঠানের আয়োজন করা যাবে ট্রাম লাইব্রেরিতে। এক বগির এই এসি ট্রামের রুটে ২২টি স্টপ। লাইব্রেরির জন্য অতিরিক্ত ভাড়া লাগবে না। এসি ট্রামের ভাড়াতেই মিলবে বই পড়ার সুযোগ।
লকডাউন এবং আমফানের জন্য এতদিন শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে ট্রাম চলাচল বন্ধ ছিল। আজ থেকে তা চালু হচ্ছে। এই রুটের বাকি পরিবেশবান্ধব ট্রামও আজ থেকে চলবে। আমফান পরবর্তী সময়ে বালিগঞ্জ-টালিগঞ্জ, রাজাবাজার-হাওড়া ব্রিজ, শ্যামবাজার-হাওড়া ব্রিজ, গড়িয়াহাট-এসপ্ল্যানেড রুটে ট্রাম চলাচল শুরু হয়েছে আগেই।

