
দু-এক দিনের মধ্যেই ট্রেনের সংখ্যা বাড়বে
টালা ব্রিজে বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন বহু যাত্রী। রাজ্য সরকার তাই মেট্রো কর্তৃপক্ষকে আর্জি জানিয়েছিল, প্রতিটি ট্রেনই নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে চালানো হোক। যাত্রীদের সমস্যা কমাতে নোয়াপাড়া স্টেশনে এবার ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
পুজো চলে এসেছে, তারই মধ্যে টালা ব্রিজে বাস চলাচল বন্ধ। উত্তর শহরতলির অনেক যাত্রীই বিকল্প পরিবহন হিসেবে মেট্রোকে বেছে নিচ্ছেন। নোয়াপাড়া স্টেশনে তাই চাপ বাড়ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকাঠামোগত কারণে প্রত্যেকটি ট্রেনকে নোয়াপাড়া থেকে চালানো সম্ভব নয়। এই মেট্রো স্টেশনে ক’টি ট্রেন বাড়ানো হবে, সেই ব্যাপারে আজ সিদ্ধান্ত নেবেন মেট্রোকর্তারা। সব ঠিকঠাক থাকলে দু-এক দিনের মধ্যেই নোয়াপাড়ায় আরও বেশি ট্রেন চলাচল শুরু হবে।
অফিস টাইমে দু’টি আপ ট্রেনের একটি চালানো হয় নোয়াপাড়া পর্যন্ত। অন্য সময়ে তিনটি আপ ট্রেনের একটি নোয়াপাড়া পর্যন্ত যাত্রী পরিবহন করে। এবার প্রতি জোড়া ট্রেনের মধ্যে একটিকে নোয়াপাড়া অবধি চালানো যায় কিনা, তা নিয়ে মেট্রো কর্তৃপক্ষ বিবেচনা করছে।
