
সাইবার অপরাধের বাড়বাড়ন্ত রুখতে অভিনব উদ্যোগ
প্রযুক্তির অভাবনীয় উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার সংক্রান্ত অপরাধও। কিন্তু যে হারে সাইবার অপরাধ বাড়ছে, সেই তুলনায় সাজার হার আশানুরূপ নয় গোটা দেশেই। তার মূল কারণ সাইবার অপরাধ এবং ইলেকট্রনিক তথ্যপ্রমাণ সম্পর্কে তদন্তকারীদের যথাযথ জ্ঞানের অভাব। সেই বাধা কাটিয়ে উঠতে এবার সাইবার সংক্রান্ত মামলা লড়ার জন্য সরকারি ও সরকারি প্যানেলভুক্ত আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সিআইডি।
গত কয়েক বছরে অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে ফেক নিউজের বাড়বাড়ন্ত এবং প্রতারণা বহুল পরিমাণে বেড়্বছে। তার সঙ্গে বাড়ছে ফিশিং, হ্যাকিং, আইডেন্টিটি থেপ্ট, চাইল্ড পর্নোগ্রাফির অভিযোগও। নাগরিকদের সুরক্ষা দিতে সিআইডির সাইবার থানা কাজ শুরু করেছে। এবার রাজ্য জুড়ে আরও ২৪টি সাইবার থানা তৈরি করা হচ্ছে। কাজ চলছে সিআইডির সাইবার ল্যাব গড়ে তোলারও।
এখনও পর্যন্ত রাজ্যে একজন মাত্র সাইবার মামলার বিশেষ সরকারি আইনজীবী রয়েছেন। তিনি বিভাস চট্টোপাধ্যায়। তাঁর নেতৃত্বে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে কলকাতা পুলিশের একটি, বিধাননগর কমিশনারেটে দুটি এবং সিআইডির একটি মামলায় সাজা নিশ্চিত হয়েছে সাইবার অপরাধীর।
